চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুর জেলা ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্রের হামলার শিকার হয়েছেন সংগঠনের এক নেতা।
বুধবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে সদর উপজেলার রাণীপুর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত সাইফুল ইসলাম খান (২৫) হুলারহাট এলাকার আলী আকবরের ছেলে এবং ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, বিক্ষোভ কর্মসূচি শেষে হুলারহাটে নিজ বাড়িতে ফিরছিলেন সাইফুল। রাণীপুর এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা জিসান ফকিরের নেতৃত্বে অজ্ঞাতনামা ৮-৯ জন তার ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এলোপাতাড়ি কোপে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে পিরোজপুর জেলা ছাত্রদল। সংগঠনের সভাপতি সালাউদ্দিন কুমার বলেন, সাইফুলের উপর এটি পরিকল্পিত গুপ্ত হামলা। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে সে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। তাকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রশাসনের কাছে জোর দাবি, আজ রাতের মধ্যেই জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদ হাসান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, প্রধান অভিযুক্ত জিসান ফকিরের বিরুদ্ধে আগের মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
উল্লেখ্য, আহত সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে জেলা ছাত্রদলের রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
