জ্বালানি তেলের দাম বাড়লেও সামগ্রিক মূল্যস্ফীতিতে বড় কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে বাড়তি মূল্যে জ্বালানি আমদানি করলেও তার অভিঘাত জনগণের ওপর পড়তে দেওয়া হবে না, সরকার তা দক্ষতার সঙ্গে ম্যানেজ করবে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজারে ঐতিহাসিক ‘বাসিয়া খাল’ প্রকল্পের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, দেশে ডিজেলের দাম প্রায় ১৫ শতাংশ বাড়ানো হয়েছে, যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় কম। এ কারণে পণ্যমূল্যে কেজিপ্রতি আনুমানিক ৩০ পয়সা প্রভাব পড়তে পারে, যা সামগ্রিক মূল্যস্ফীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে না।
সাম্প্রতিক লোডশেডিং বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, “বর্তমান সরকারের বয়স মাত্র দুই মাস। আমরা উত্তরাধিকার সূত্রে অনেক অব্যবস্থাপনা পেয়েছি, যা এখন মোকাবিলা করতে হচ্ছে।” তিনি জানান, দেশের বিদ্যুৎ উৎপাদন এখনো অনেকাংশে গ্যাসনির্ভর। বর্তমানে ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হলেও চাহিদা মেটাতে আরও প্রায় ৯ মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি করতে হয়। তবে কারিগরি সমস্যার কারণে চাহিদামাফিক গ্যাস আমদানিতে বিঘ্ন ঘটায় লোডশেডিং বেড়েছে।
তিনি আরও বলেন, এলএনজি আমদানি সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হচ্ছে এবং সরকার দ্রুত এ সংকট সমাধানে কাজ করছে।
বাসিয়া খাল খনন প্রকল্প সম্পর্কে মন্ত্রী জানান, আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রকল্পের উদ্বোধন করবেন। প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ খালের মধ্যে ২৩ কিলোমিটার অংশ খনন করা হবে। সদর উপজেলার মাসুকগঞ্জ বাজার থেকে শুরু হয়ে ওসমানীনগর হয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর পর্যন্ত এই খনন কাজ চলবে। এর ফলে প্রায় ৯০ হাজার কৃষক উপকৃত হবেন এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত হওয়ায় প্রায় ২০ হাজার হেক্টর জমিতে অতিরিক্ত ফসল উৎপাদন সম্ভব হবে।
সৌদি আরব থেকে উচ্চমূল্যে জ্বালানি আমদানির বিষয়ে তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মজুত বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যতে বৈশ্বিক সংকটে দেশ যাতে জিম্মি না হয়, সে লক্ষ্যে সরকার অগ্রাধিকার ভিত্তিতে নতুন স্টোরেজ সুবিধা নির্মাণ করবে।
পরিদর্শনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
