আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান বলেছেন, “রবীন্দ্রনাথ আমাদের সম্পদ। যতদিন বাংলা ভাষাভাষী মানুষ বেঁচে থাকবে, ততদিন রবীন্দ্রনাথ আমাদের সংস্কৃতি ও চেতনার সঙ্গে জড়িয়ে থাকবেন।” তিনি বলেন, তরুণ প্রজন্মকে রবীন্দ্র সাহিত্য ও সংস্কৃতির প্রতি আরও বেশি আগ্রহী করে তুলতে হবে। মন্ত্রী আরও বলেন, তরুণরা যেন মাদক ও অপরাধ থেকে দূরে থেকে সাহিত্য-সংস্কৃতির চর্চায় মনোনিবেশ করে। রবীন্দ্র সাহিত্যের মধ্যেই মানবতা, মূল্যবোধ ও সৌন্দর্যের শিক্ষা নিহিত রয়েছে।
আজ শুক্রবার বিকেলে খুলনার দক্ষিণদিহি রবীন্দ্র কমপ্লেক্সে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও খুলনা জেলা প্রশাসনের যৌথ আয়োজনে প্রথম দিনের আলোচনা সভার বিষয় ছিল “শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ”।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ বিল্লাল হোসেন খান। স্মারক বক্তা হিসেবে বক্তব্য দেন শিক্ষাবিদ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত।
এদিকে খুলনার রূপসা উপজেলার পিঠাভোগে, কবির আদি নিবাসেও অনুরূপ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মিজ সিফাত। স্মারক বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক মোঃ আব্দুল মান্নান। স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
