কুমিল্লার বরুড়ায় আয়োজিত এক পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও পুনর্গঠনে জনগণকে সঙ্গে নিয়েই সরকার এগিয়ে যাবে। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার কাজ করছে।
শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাঁদপুর সফরে যাওয়ার পথে অল্প সময়ের জন্য এই পথসভায় অংশ নেন প্রধানমন্ত্রী। তবে তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন,
দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে। সবার আগে দেশ, আর এই দেশ সবার। জনগণের কাছে যেসব পরিকল্পনা ও উন্নয়নের রূপরেখা তুলে ধরা হয়েছিল, মানুষ সেই আস্থার জায়গা থেকেই আমাদের ভোট দিয়েছে। আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তা অবশ্যই বাস্তবায়ন করবো।
বক্তব্যের একপর্যায়ে উপস্থিত জনতা কুমিল্লা বিভাগ চাই স্লোগানে মুখর হয়ে ওঠেন। তখন প্রধানমন্ত্রী হাসিমুখে বলেন,
ঠিক আছে, সবাই যদি এই দাবির সঙ্গে একমত হন, তাহলে বিষয়টি বাস্তবায়ন হবে।
তার এই মন্তব্যে সভাস্থলে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।
এর আগে সকাল থেকেই কুমিল্লার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে আসতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে লক্ষ্মীপুর বাজার এলাকা। সকাল সাড়ে ১০টার মধ্যেই পুরো মাঠ হাজারো মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। দুপুর সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রী মঞ্চে উঠলে করতালি ও স্লোগানে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীও হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।
পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক নারী সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো এলাকা ঘিরে ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সফরে যাচ্ছেন। সফরসূচির অংশ হিসেবে তিনি কুমিল্লার বরুড়ায় এই পথসভায় অংশ নেন।
তিনি আরও জানান, সফরকালে প্রধানমন্ত্রী চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এছাড়া সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামে বিশ্ব খাল পুনঃখনন কার্যক্রমেরও সূচনা করার কথা রয়েছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরুড়ার এই পথসভা শুধু একটি রাজনৈতিক সমাবেশই নয়, বরং কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিকে নতুনভাবে আলোচনায় নিয়ে এসেছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে সেই দাবির বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়ায় সাধারণ মানুষের মধ্যেও নতুন আশার সঞ্চার হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
