বান্দরবান সদর উপজেলার বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।
সোমবার (১৮ মে) সকালে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন। এ সময় তার নিজস্ব তহবিল থেকে চাল, ডাল, আলু, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে আরও সহায়তার আশ্বাস দেন তিনি।
জাবেদ রেজা বলেন, “আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ রয়েছে—যেখানেই দুর্যোগ ও অসহায় মানুষ থাকবে, সেখানেই যতটুকু সম্ভব মানুষের পাশে দাঁড়াতে হবে।” তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নেতাকর্মীদের ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন তুষার, আবিদুর রহমান, রিটল বিশ্বাস, মাওসেতুং তংচঙ্গ্যা, চনুমং মারমা, সাহাদাত হোসেন জনি, আয়ুব খানসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত শনিবার দিবাগত ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারের ৪৯টি বসতঘর ও দোকান পুড়ে যায়। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
