ঢাকা, ২২ জুন ২০২৬, সোমবার, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম

জাতীয় | ডেস্ক রিপোর্ট।

(৫ ঘন্টা আগে) ২২ জুন ২০২৬, সোমবার, ২:৩৩ অপরাহ্ন

banglahour

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো’ সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে সরকারি সফর করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে দুই দেশ রাজনৈতিক, অর্থনৈতিক, শ্রমবাজার, জ্বালানি, শিক্ষা, প্রতিরক্ষা ও আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার করেছে।
এটি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের প্রথম বিদেশ সফর। যৌথ বিবৃতিতে বলা হয়, ১৯৭২ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন মূল্যবোধ এবং আঞ্চলিক শান্তি-সমৃদ্ধির ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ককে আরও এগিয়ে নিতে উভয় নেতা দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।


পুত্রজায়ার পারদানা পুত্রা কমপ্লেক্সে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়। পরে দুই প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। সফরকালে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক দ্বিপক্ষীয় দলিল বিনিময় হয়।


আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের জনগণের জন্য এটি শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির নতুন অধ্যায়ের সূচনা।
বাণিজ্য ও বিনিয়োগে নতুন গতি
যৌথ বিবৃতিতে বলা হয়, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। দুই দেশ দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়াতে সম্মত হয়েছে।


মালয়েশিয়া-বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি (এমবিএফটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়েও আশাবাদ ব্যক্ত করা হয়েছে। উভয় দেশ ২০২৭ সালের মধ্যে চুক্তিটি সম্পন্ন করার লক্ষ্যে কাজ করবে।
এছাড়া মালয়েশিয়া-বাংলাদেশ যৌথ ব্যবসায়িক কাউন্সিল (জেবিসি) গঠনের অগ্রগতিকে স্বাগত জানানো হয়েছে। টেলিযোগাযোগ, জ্বালানি, অবকাঠামো, বন্দর ও লজিস্টিকস, হালাল শিল্প, কৃষি প্রক্রিয়াজাতকরণ, শিক্ষা, ডিজিটাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর ও স্মার্ট ম্যানুফ্যাকচারিংসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।


হালাল শিল্প, ডিজিটাল অর্থনীতি ও সেমিকন্ডাক্টরে সহযোগিতা
বিশ্বব্যাপী ইসলামী অর্থনীতির সম্ভাবনা বিবেচনায় বাংলাদেশে হালাল শিল্পের বিকাশে মালয়েশিয়ার অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে একমত হয়েছে দুই দেশ। হালাল সনদ, নিয়ন্ত্রক কাঠামো, প্রশিক্ষণ, গবেষণা ও উদ্ভাবনে সহযোগিতা জোরদার করা হবে।


কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল অর্থনীতি, ফিনটেক, সাইবার নিরাপত্তা ও অন্যান্য উদীয়মান প্রযুক্তিতে সহযোগিতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের আইটি ও প্রকৌশল খাতকে মালয়েশিয়ার সেমিকন্ডাক্টর শিল্পের সঙ্গে যুক্ত করতে একটি দক্ষ জনবল উন্নয়ন কাঠামো তৈরির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।


শ্রমবাজার নিয়ে ইতিবাচক আলোচনা
মালয়েশিয়ার উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করে দুই নেতা জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।


মালয়েশিয়া জানিয়েছে, নতুন বিদেশি শ্রমিক কোটা অনুমোদন বর্তমান নীতিমালা অনুযায়ী ক্ষেত্রভিত্তিক প্রয়োজনের আলোকে বিবেচনা করা হবে। উভয় দেশ স্বচ্ছ, ন্যায্য ও প্রতিযোগিতামূলক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে সম্মত হয়েছে।


এছাড়া বাংলাদেশি কর্মীদের নিরাপদ ও পারস্পরিকভাবে লাভজনক অভিবাসন নিশ্চিত করতে যৌথ ওয়ার্কিং গ্রুপ (জেডব্লিউজি) সভা আয়োজন এবং বিদ্যমান সমঝোতা স্মারক (এমওইউ) পর্যালোচনা করে নতুন এমওইউ প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা, পর্যটন ও জ্বালানি খাতে অগ্রাধিকার
বর্তমানে মালয়েশিয়ায় অধ্যয়নরত প্রায় ১১ হাজার বাংলাদেশি শিক্ষার্থীর অবদানের কথা উল্লেখ করে দুই দেশ বিশ্ববিদ্যালয় পর্যায়ে অংশীদারত্ব, যৌথ গবেষণা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি) খাতে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।


‘ভিজিট মালয়েশিয়া ২০২৬’ ও ‘মালয়েশিয়া ইয়ার অব মেডিকেল ট্যুরিজম ২০২৬’ কর্মসূচির প্রেক্ষাপটে পর্যটন ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর বিষয়েও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
জ্বালানি খাতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), অবকাঠামো উন্নয়ন এবং সরাসরি পেট্রোনাস-পেট্রোবাংলা আলোচনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান, কয়লা ও চুনাপাথরের মতো খনিজ সম্পদ আহরণ এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের জন্য মালয়েশিয়ান কোম্পানিগুলোকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার
প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি (এমওইউ) পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন এবং সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তিগত দক্ষতা ও প্রতিরক্ষা শিল্পে অংশীদারত্ব বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন দুই নেতা।


সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদ মোকাবিলায় গোয়েন্দা তথ্য বিনিময়, সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রেও সহযোগিতা জোরদার করা হবে।
রোহিঙ্গা সংকট ও আসিয়ান প্রসঙ্গ
রোহিঙ্গা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে মালয়েশিয়া বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেছে এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত করেছে।


বাংলাদেশের আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার আগ্রহকে স্বাগত জানিয়ে মালয়েশিয়া এ বিষয়ে গঠনমূলক সহযোগিতার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে আঞ্চলিক বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) চুক্তিতে বাংলাদেশের যোগদানের আকাঙ্ক্ষার প্রতিও সমর্থন জানিয়েছে কুয়ালালামপুর।


ফিলিস্তিন ও বৈশ্বিক চ্যালেঞ্জ
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মতবিনিময় করে দুই নেতা ফিলিস্তিনি জনগণের জন্য ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেন। জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, মানবপাচার ও আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় যৌথ উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করা হয়।
সফরের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং দেশটির সরকারের উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯