বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি এবং বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানির মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও আলজেরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির জন্য আলজেরিয়ার রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান। এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ শিল্প, কৃষি, মৎস্য ও জলজ চাষ, জাহাজ নির্মাণ এবং জনশক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
শামা ওবায়েদ ইসলাম দক্ষ ও অর্ধদক্ষ জনশক্তি নিয়োগের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশ-আলজেরিয়া যৌথ পরামর্শ কমিশন (জয়েন্ট কনসালটেটিভ কমিশন) গঠনের চলমান প্রক্রিয়াকে স্বাগত জানান।
তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
এ সময় আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি জ্বালানি, কৃষি, ওষুধ শিল্প ও জাহাজ নির্মাণ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশ ও আলজেরিয়ার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও এগিয়ে নিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
