ঢাকা, ১১ জুলাই ২০২৬, শনিবার, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাংলাদেশ-তাজিকিস্তান সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ, এসসিও সদস্যপদে সমর্থন চাইল ঢাকা

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি। ঢাকা।

(১ দিন আগে) ৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৮:৩৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৩৯ অপরাহ্ন

banglahour

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি বাংলাদেশ ও তাজিকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাজিকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইদিবেক কালান্দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।


বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক, সাংস্কৃতিক ও মূল্যবোধগত মিলের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বাণিজ্য, অর্থনৈতিক সম্পর্ক, বিনিয়োগ এবং অর্থনৈতিক কূটনীতি সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের পররাষ্ট্রনীতিতে অর্থনৈতিক কূটনীতি অন্যতম অগ্রাধিকার।


শামা ওবায়েদ ইসলাম শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, পর্যটন, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, জ্ঞান বিনিময়, কারিগরি প্রশিক্ষণ, নারী ক্ষমতায়ন এবং নারী ও যুব উদ্যোক্তা উন্নয়নের মতো সফট পাওয়ার কূটনীতির ক্ষেত্রগুলোতে আরও গভীর সহযোগিতার আহ্বান জানান। পাশাপাশি যুবসম্পৃক্ততা, জনগণের মধ্যে যোগাযোগ, ব্যবসায়িক সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে সরকার-টু-সরকার সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।
বৈঠকে প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টি তুলে ধরে জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামে তাজিকিস্তানের সমর্থন কামনা করেন। তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধান আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব।


বাংলাদেশকে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে একটি সোচ্চার দেশ হিসেবে উল্লেখ করে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন।


এছাড়া পূর্ব ইউরোপ ও সিআইএসভুক্ত দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর সদস্যপদ লাভে আগ্রহী বলে জানান এবং এ বিষয়ে তাজিকিস্তানের সমর্থন চান। জবাবে তাজিকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এসসিও সদস্যপদের আকাঙ্ক্ষার প্রতি ইতিবাচক সমর্থনের আশ্বাস দেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯