ঢাকা, ২২ জুলাই ২০২৬, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কন্টেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মামলা

সারাদেশ | সিয়াম আবদুল্লাহ কলাপাড়া,পটুয়াখালী।

(৫ ঘন্টা আগে) ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ৭:৪৭ অপরাহ্ন

banglahour

পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা নুরুজ্জামান কাফি, তার বাবা এবিএম হাবিবুর রহমান এবং বড় ভাই মামুনের বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলার নম্বর-৭৩৯।


মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ জুলাই সকাল প্রায় ১০টা ১৫ মিনিটে রজাপাড়া গ্রামের নুরুজ্জামান কাফি, তার বাবা এবিএম হাবিবুর রহমান ও বড় ভাই মামুন ভেকু মেশিন, ভ্যান, কোদাল ও খোয়া নিয়ে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের রজপাড়া মৌজার বিএস খতিয়ান নং-১২-এর ৫৯ নম্বর দাগভুক্ত জমিতে প্রবেশ করেন। পরে তারা জমির মাটি কেটে আকার-আকৃতি পরিবর্তন করে সেখানে রাস্তা নির্মাণের চেষ্টা করেন।


খবর পেয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম পাঁচজন সহকারী শিক্ষককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে কাজে বাধা দেন। এ সময় কাফি ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি ও অন্য শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার, ধাক্কাধাক্কি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।


এছাড়া অভিযুক্তরা প্রায় ১১০ ফুট দীর্ঘ ও ৩০ ফুট প্রশস্ত, প্রায় ৬ শতাংশ জমির এক লাখ টাকার মাটি কেটে ট্রলিযোগে বিভিন্ন স্থানে নিয়ে স্তূপ করেন এবং সেখানে খোয়া ফেলে রাস্তা নির্মাণ করেন। এতে বিদ্যালয়ের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।
প্রধান শিক্ষক আব্দুর রহিম জানান, রজাপাড়া মৌজার বিএস খতিয়ান নং-১২-এর বিভিন্ন দাগে মোট ২১ দশমিক ৭৬ একর জমির মালিক খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে সরকারি খাসজমিসহ নির্ধারিত সীমানার মধ্যে শান্তিপূর্ণভাবে জমি ভোগদখল করে আসছে।


তিনি বলেন, ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা তাতে রাজি হননি। পরে কলাপাড়া থানায় মামলা করতে গেলে পুলিশ আদালতে যাওয়ার পরামর্শ দেয়। এরপর তিনি আদালতে মামলা দায়ের করেন। বিদ্যালয়ের জমি রক্ষায় তিনি ন্যায়বিচার দাবি করেন।


অভিযোগ অস্বীকার করে নুরুজ্জামান কাফি বলেন, সংশ্লিষ্ট জমির ওয়ারিশরা দীর্ঘদিন মামলা পরিচালনা করে সুপ্রিম কোর্ট থেকে রায় পেয়েছেন। তিনি তাদের কাছ থেকে বায়নামূলে জমি ক্রয় করেছেন। মালিকপক্ষ জমি বুঝিয়ে দেওয়ার পরই তিনি সেখানে রাস্তা নির্মাণের কাজ করেন।


তিনি আরও দাবি করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সঙ্গে তার কোনো সামনাসামনি দেখা বা কথাবার্তা হয়নি। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।


কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো. ফেরদৌস মিয়া জানান, মামলাটি রুজু করা হয়েছে। আদালত কলাপাড়া থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯