ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সেমিকন্ডাক্টর শিল্প হবে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(৩ মাস আগে) ২৫ জুলাই ২০২৬, শনিবার, ৬:১৭ অপরাহ্ন

banglahour

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্প বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং উচ্চমূল্য সংযোজনভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির অন্যতম প্রধান খাত হিসেবে প্রতিষ্ঠিত হবে। এ খাতের বিকাশে সরকার বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন, কর ও শুল্ক সুবিধা প্রদান, স্টার্টআপ সহায়তা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে কাজ করছে।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ নভোথিয়েটারে অনুষ্ঠিত ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, এআই ও রোবোটিক্স (BEAR) সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী এ সামিটের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রযুক্তি বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, বায়োটেকনোলজি ও ইলেকট্রনিক্স খাতের সমন্বিত উন্নয়ন প্রয়োজন। এ লক্ষ্যে সরকার গবেষণা, উদ্ভাবন এবং শিল্প-শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদারে গুরুত্ব দিচ্ছে।
বক্তব্য শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিনব্যাপী সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি আধুনিক সেমিকন্ডাক্টর, বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, এআই ও রোবোটিক্স প্রযুক্তিভিত্তিক বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তা, গবেষক ও অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন।


সামিটে দেশি-বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক, উদ্যোক্তা, শিক্ষার্থী এবং শিল্পখাতের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানটি বাংলাদেশের উচ্চপ্রযুক্তি শিল্পের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ বিনিয়োগ ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম