এই সময়ের আলোচিত নাটক ব্যাচেলর পয়েন্ট। এই ধারাবাহিক নাটকটি একের পর এক চমক দিয়ে যাচ্ছে। বর্তমানে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকটির সিজন ৫ প্রচারিত হচ্ছে। নতুন এই সিজনে নেহাল, আরেফিন আবার ফিরে এসেছে। আর নতুনভাবে যুক্ত হয়েছেন স্পর্শিয়া, সুনেরা, রাফসান।
এর ধারাবাহিকতায় ব্যাচেলর পয়েন্টে যুক্ত হয়েছেন অভিনেতা আ খ ম হাসান। ধারাবাহিকে তার চরিত্রের নাম ইংলিশ লেবু। মজার এই চরিত্রের মাধ্যমে চ্যাপ্টার ১৫-তে যুক্ত হয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গ অ্যাপে প্রকাশিত হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর চ্যাপ্টার ১৫। নতুন চ্যাপ্টারে আ খ ম হাসানের উপস্থিতি দর্শকদের জন্য বাড়তি উন্মাদনা নিয়ে এসেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, আ খ ম হাসানের অভিনয় সিজন ৫-এর গল্পে আরও হাস্যরস যোগ করবে।
ইংলিশ লেবুর পাশাপাশি ‘কাজী ভাই’ নামে আরেকটি চরিত্রও এই ধারাবাহিকে যুক্ত হয়েছে। চরিত্রটিতে অভিনয় করছেন অভিনেতা রাশেদ মামুন অপু। ব্যাচেলর ফ্ল্যাটের চিরচেনা বিশৃঙ্খলা ও হাস্যরসের মধ্যে নতুন দুই চরিত্রের উপস্থিতি ব্যাচেলর পয়েন্ট নাটকে দর্শকদের নতুন করে হাস্যরসের সৃষ্টি করবে এই ধারণা করা হচ্ছে।
‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, তৌসিফ, শামীম হাসান সরকার, পাভেল, ইশতিয়াক রোমেল ও জাফরুল আবেদিন। এছাড়াও আরও রয়েছেন অর্চিতা স্পর্শিয়া, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা প্রমুখ।
বঙ্গের পাশাপাশি ‘ব্যাচেলর পয়েন্ট’ প্রচারিত হচ্ছে চ্যানেল আইয়ে এবং ইউটিউবে বুম ফিল্মসের চ্যানেলে। ধারাবাহিকটি পরিচালনার পাশাপাশি প্রযোজনা করছেন কাজল আরেফিন অমি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
