বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।
এ সময় হুমায়ুন কবির বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদার করতে রাষ্ট্রদূত ওয়েনের অবদানের প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রীর সফল চীন সফরে তাঁর ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ওয়েনের দায়িত্বকালে দুই দেশের সম্পর্ক ‘শেয়ার্ড কমিউনিটি’ পর্যায়ে উন্নীত হয়েছে এবং প্রতিমন্ত্রী পর্যায়ের ২+২ সংলাপসহ নতুন সহযোগিতা কাঠামো চালু হতে যাচ্ছে।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে তিন বছর নয় মাস দায়িত্ব পালন করা তাঁর জন্য গৌরবের বিষয়। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের উন্নয়নযাত্রায় চীনের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।
তিনি আরও জানান, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (আইডিসিপিসি) মন্ত্রী চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ সফরের পরিকল্পনা করছেন। বৈঠকের শেষে হুমায়ুন কবির রাষ্ট্রদূত ওয়েনকে ধন্যবাদ জানান এবং তাঁর নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
