বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এইচ.ই. মি. আবদেলওয়াহাব সাইদানি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণে অভিনন্দন জানান। এ সময় উভয় পক্ষ বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ক্রমবর্ধমান সহযোগিতার কথা উল্লেখ করে বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, কৃষি, জাহাজ নির্মাণ এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সার খাতে সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন প্রতিমন্ত্রী।
তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
জবাবে আলজেরিয়ার রাষ্ট্রদূত জ্বালানি, ওষুধশিল্প, সার, জাহাজ নির্মাণ, সামুদ্রিক শিপিং লাইন এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
