বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে বাংলাদেশ ও আলজেরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।
এ সময় উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ শিল্প, কৃষি, জলবায়ু পরিবর্তন, ক্রীড়া, সংস্কৃতি এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের উপায় নিয়ে মতবিনিময় করেন। শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সার খাতে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত দুই দেশের মধ্যে এ বিষয়ে ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আলজেরিয়ায় পরিবেশবান্ধব ও বায়োডিগ্রেডেবল পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বৃদ্ধির আহ্বান জানান। এছাড়া ক্রীড়া ও সংস্কৃতি খাতে অংশীদারিত্ব সম্প্রসারণ এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
আলজেরিয়ার রাষ্ট্রদূত দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও গভীর করতে জ্বালানি, ওষুধ শিল্প, জাহাজ নির্মাণ, ক্রীড়া ও সংস্কৃতি খাতে সহযোগিতা বৃদ্ধি এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
