জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের (UNGA81) সাইডলাইনে নিউইয়র্কে আফ্রিকান ইউনিয়ন (AU), ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং জাতিসংঘের (UN) শীর্ষ নেতাদের মধ্যে একটি উচ্চপর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মাহমুদ আলী ইউসুফ, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন অংশ নেন।
বৈঠকে বর্তমান বৈশ্বিক ভূরাজনৈতিক চাপ ও বিভিন্ন আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে আফ্রিকা ও ইউরোপের পারস্পরিক নির্ভরশীলতা, আন্তর্জাতিক আইন এবং সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়।
আলোচনায় শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়ন খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে আফ্রিকার হর্ন অঞ্চল, লোহিত সাগর এবং সামুদ্রিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। সংঘাতের আরও বিস্তার রোধ, আঞ্চলিক সংলাপ ও মধ্যস্থতা জোরদারের বিষয়েও মতবিনিময় করা হয়।
এছাড়া আফ্রিকার উন্নয়ন অর্থায়নের প্রয়োজন, আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার, বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকে বিশেষ ড্রইং রাইটস (SDR) পুনঃচ্যানেলিং, ব্লেন্ডেড ফাইন্যান্স এবং আফ্রিকান আর্থিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থা উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে সার উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা, জলবায়ু-স্মার্ট কৃষি, মাটির মানচিত্রায়ন এবং গ্যালিলিও ও কোপার্নিকাস স্যাটেলাইট ব্যবস্থার সম্ভাব্য ব্যবহার নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে AU-EU-UN অংশীদারত্বকে আরও কার্যকর, উদ্ভাবনী ও ফলপ্রসূ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি ভবিষ্যতে অগ্রগতি পর্যালোচনা এবং নির্দিষ্ট উদ্যোগ বাস্তবায়নের জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়ে সম্মতি জানানো হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
