বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত হোসনে আলী সাইদানি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে আলজেরিয়ার রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান। এ সময় বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও আলজেরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি খাতে সহযোগিতা আরও বাড়ানোর জন্য তিনি আলজেরিয়ার রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।
সাক্ষাৎকালে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, কৃষি, জাহাজ নির্মাণ ও জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সার খাতে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এ ছাড়া দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ অংশীদারত্ব আরও গভীর করতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
জবাবে আলজেরিয়ার রাষ্ট্রদূত জ্বালানি, ওষুধশিল্প, সার, জাহাজ নির্মাণ, সামুদ্রিক নৌপরিবহন এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
