ঢাকা, ১১ অক্টোবর ২০২৬, রবিবার, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

‘জীবন-মৃত্যুর’ সন্ধিক্ষণে ইবরার টিপু

বিনোদন | বিনোদন ডেস্ক।

(১১ ঘন্টা আগে) ১০ অক্টোবর ২০২৬, শনিবার, ৫:১৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:২১ অপরাহ্ন

banglahour

বাংলাদেশের খ্যাতনামা সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু দীর্ঘদিন ধরে ক্যান্সারের সাথে লড়াই করছেন। অস্ত্রোপচারের পর বর্তমানে তার অবস্থা অত্যন্ত সংকটজনক। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন।

সম্প্রতি মস্তিষ্কে অস্ত্রোপচারও হয়েছে এই সংগীত পরিচালকের। দীর্ঘদিন হাসপাতালে থাকার পর বর্তমানে যুক্তরাষ্ট্রে নিজের বাসায় রয়েছেন তিনি। তার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গীতিকার কবির বকুল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইবরার টিপু'র অসুস্থতার খবর জানিয়ে কবির বকুল লিখেছেন, "আমার ভাই, আমাদের সবার প্রিয় সংগীত পরিচালক ইবরার টিপু খুব অসুস্থ। গত প্রায় দুই বছর ধরে কিডনি-ক্যানসারের সাথে লড়ছেন, যুক্তরাষ্ট্রে চিকিৎসা চলছে। কিছুদিন আগে তার ব্রেইন সার্জারিও হয়েছে। বেশ অনেক দিন হাসপাতালে থাকার পর এখন তিনি বাসায় ফিরেছেন।"

ইবরার টিপুর স্ত্রী বিন্দু কণার বরাত দিয়ে লেখেন, "তার স্ত্রী বিন্দু কণা জানালেন হাসপাতাল থেকে অনেকটা জোর করেই বাসায় নিয়ে এসেছেন টিপুকে। কারণ সেখানে তার সঠিক চিকিৎসাটা হচ্ছিল না বলেই পরিবার মনে করেছেন।"

ইবরার টিপুর সাথে সাক্ষাতের স্মৃতি তুলে ধরে কবির বকুল লিখেছেন, "একটু আগে ভিডিও কলে আমার সহধর্মিণী দিনাত জাহান মুন্নী কথা বলিয়ে দিলেন টিপুর সাথে। তার সাথে শেষ দেখা হয়েছিল এ বছর রোজার ঈদে। অসুস্থ শরীর নিয়ে তিনি এসেছিলেন আমাদের নিউইয়র্কের বাসায়।"

ইবরার টিপুর শারীরিক অবস্থার কথা জানিয়ে কবির বকুল লিখেছেন, "আজ অনেক দিন পর ইবরার টিপুর সাথে কথা হলো। মানুষটা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। এই অবস্থায়ও চোখে-মুখে সেই পরিচিত মায়া। দূরে আছি, কিছুই করতে পারছি না, ভেতরটা ভেঙে যাচ্ছে।"

দেশের সংগীতাঙ্গনে ইবরার টিপুর অবদানের কথা স্মরণ করে কবির বকুল লিখেছেন, "ইবরার টিপু আমাদের অনেক কালজয়ী গান দিয়েছেন। 'তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না, কিংবা 'ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে', কিংবা 'বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ'।"

কবির বকুল আরও লিখেছেন, "আমার সংগীত জীবনে তার সাথে অনেক কাজ করার সৌভাগ্য হয়েছে। আমার দেখা একজন মৃদুভাষী, সদাহাস্য সজ্জন মানুষ- হঠাৎ যেন তার পৃথিবী উল্টে গেল।"

ইবরার টিপুর সুস্থতা কামনা করে কবির বকুল লিখেছেন, "সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।"

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম