ঢাকা: ঢাকা শহরকে একটি পর্যটকবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে ঐতিহ্য বলয় সৃষ্টি করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ বুধবার (১০ মে) দুপুরে ঐতিহ্য বলয়-৫ এর যাত্রাপথ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ কথা বলেন।
ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “আমাদের দায়িত্ব নেওয়ার থেকে পর থেকে আমাদের প্রথম লক্ষ্য হলো -- ঢাকার যে ঐতিহ্যবাহী স্থাপনাগুলো রয়েছে, ঐতিহাসিক যে স্থাপনাগুলো রয়েছে -- সেগুলোকে সংরক্ষণ করা। দ্বিতীয়ত হলো -- আমাদের দেশি ও বিদেশি পর্যটকদের জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করা। যাতে করে পর্যটকরা এখানে এসে ঢাকার ঐতিহ্যকে অনুধাবন করতে পারে, উপভোগ করতে পারে। আমরা বহির্বিশ্বে যেভাবে দেখি, ঐতিহ্যবাহী শহরগুলোতে যেমনি পর্যটন শিল্প গড়ে ওঠে আমরা চাই ঢাকা শহরের পর্যটন শিল্পও সেভাবে গড়ে উঠুক। পর্যটকরা ঢাকামুখী হোক। ঢাকা হোক পর্যটকবান্ধব। সেই লক্ষ্যেই আমরা সাতটি ঐতিহ্যের বলয় সৃষ্টি করছি।”
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “আমরা কিন্তু এরই মাঝে বিগত ২ বছরের অধিক সময়ে প্রায় ২ লক্ষ গাছ রোপণ করেছি। আদি বুড়িগঙ্গায় আমরা প্রায় লক্ষাধিক গাছ লাগাব। তাছাড়া আমাদের খালগুলো নিয়ে যে প্রকল্প পাশ হয়েছে সেখানে আমরা লক্ষাধিক গাছ লাগাব। সুতরাং ঢাকাকে সবুজ-শ্যামল করার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। কোনো নগর পরিকল্পনাবিদের পরামর্শ ছাড়া গাছ কাটা হচ্ছে -- এটা আসলে ঢালাওভাবে বলা। আমাদের তিনজন নগর পরিকল্পনাবিদ রয়েছে। আমি আসার পর থেকে আমাদের প্রকল্প বা নিজস্ব কার্যক্রম হোক বা অন্য কোনো কিছু হোক -- আমি বিভিন্নভাবে স্থপতি, নগর পরিকল্পনাবিদ, ইতিহাসবিদসহ সকলকে নিয়েই আমরা সম্মিলিতভাবে কাজ করে চলেছি। পরিকল্পনা কিন্তু কেউ দেখে না। পরিকল্পনা করে যখন আমরা কাজে যায় তখন অনেকে দেখেন। কিন্তু উন্নয়ন কাজ বাস্তবায়নে আমাদের অনেক নেপথ্য কাজ করতে হয়। গাছ আমরা লাগিয়ে যাব। ঢাকাকে অবশ্যই আমরা একটি সুন্দর, সবুজ নগরীতে পরিণত করব।”
এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসেফিকের অধ্যাপক আবু সাঈদ এম আহমেদ, করপোরেশনের প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলাম এবং কাউন্সিলরদের মধ্যে ১৮ নম্বর ওয়ার্ডের আ স ম ফেরদৌস আলম, ২৫ নম্বর ওয়ার্ডের মো. আনোয়ার ইকবাল, ২৭ নম্বর ওয়ার্ডের ওমর বিন আব্দাল আজিজ ও সংরক্ষিত আসন-৭ এর শিরিন গাফ্ফার প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, ঢাকায় গেজেটভূক্ত ৭৪টি ঐতিহ্যবাহী স্থাপনার মধ্যে ৬৬টির অবস্থান দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায়। এ ৬৬টি স্থাপনাসহ আরও গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক কয়েকটি স্থাপনাকে নিয়ে ৭টি ঐতিহ্য বলয় সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হয়েছে ৃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
