বিশ্ব ডাক দিবস উপলক্ষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি প্রাঙ্গণে ‘চিঠি উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় রাঙ্গামাটি প্রধান ডাকঘরের আয়োজনে বিশ্ব ডাক দিবস উপলক্ষে চিঠি লেখার ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, ডাক বিভাগের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এই চিঠি উৎসবের আয়োজন করা হয়।
আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (রাঙ্গামাটি পোস্টাল ডিভিশন) সুদ্বীপ চাকমা, অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার (রাঙ্গামাটি প্রধান ডাকঘর) অরুণ বিকাশ চাকমা, রাঙ্গামাটি ডাক উপ-বিভাগের পরিদর্শক রাজীব চৌধুরীসহ রাঙ্গামাটি প্রধান ডাকঘরের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক আয়োজিত এ ‘চিঠি উৎসব’ আয়োজন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ডাক বিভাগের উল্লেখযোগ্য কাজ, ঐতিহ্য ও অর্থ সাশ্রয়ী সেবা সম্পর্কে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, আমরা যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়, ডাক বিভাগের সকল কার্যক্রমকে প্রমোট করা আমাদের নীতিগত দায়িত্ব। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডাক সংক্রান্ত সকল কাজ ডাক বিভাগের সাথে করতে চাই এবং জাতীয় অর্থনীতি পুনর্গঠনে একই সাথে দেশকে ও জাতিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন, আধুনিক প্রযুক্তির যুগে মোবাইল, ই-মেইল, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কারণে চিঠি লেখার ও তা প্রেরণের কাজ কমে এসেছে, তবুও চিঠির আবেদন ও আবেগ এখনও আছে। ডাক বিভাগের অতীত ঐতিহ্য ও ঐতিহাসিক ভূমিকা তুলে ধরেন এবং মানুষে মানুষে বাস্তব যোগাযোগ স্থাপনে ডাক সেবার গুরুত্ব স্মরণ করিয়ে দেন।
দিনব্যাপী আয়োজিত চিঠি উৎসবে বিশ্ববিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী বুথে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী-শিক্ষার্থীদেরকে বাংলাদেশ ডাক বিভাগের বিভিন্ন সেবা (ডাকমাশূল, দেশে-বিদেশে ইএমএস সার্ভিস, লেটার পোস্ট সার্ভিস, এয়ার পার্সেল সার্ভিস, স্পীড পোস্ট, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস-ইএমটিএস, চিঠি ও পণ্যের ট্র্যাকিং সুবিধা) সম্পর্কে প্রচার এবং সেবা সর্ম্পকিত লিফলেট বিতরণ করা হয়।
উল্লেখ্য, প্রতিবছর ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস পালিত হয় এবং দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে ডাক সেবার গুরুত্ব তুলে ধরে নানা কর্মসূচী পালন করে থাকে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
