ঢাকা, ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রযুক্তি, শিক্ষা ও গবেষণায় বাংলাদেশ-রাশিয়া সহযোগিতার নতুন সম্ভাবনা

জাতীয় | প্রেস বিজ্ঞপ্তি।

(৫১ মিনিট আগে) ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ৬:৪৩ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে ডিজিটাল প্রযুক্তি, শিক্ষা ও গবেষণায় সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। রাশিয়ার রাজধানী মস্কোয় অনুষ্ঠিত দ্বিতীয় গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬-এ বাংলাদেশের ১৯ সদস্যের প্রতিনিধিদলের অংশগ্রহণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মধ্য দিয়ে এ সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

৮ থেকে ১০ অক্টোবর মস্কোর গোর্কি পার্কের ‘মেচতা’ ভেন্যুতে অনুষ্ঠিত হয় দ্বিতীয় গ্লোবাল ডিজিটাল ফোরাম। রাশিয়ার ফেডারেল সরকারের সহযোগিতায় দেশটির ডিজিটাল উন্নয়ন, যোগাযোগ ও গণমাধ্যম মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় ‘ন্যাশনাল প্রায়োরিটিজ’ ও ‘সেন্টার ফর গ্লোবাল আইটি কোঅপারেশন’ যৌথভাবে এ আয়োজন করে। ফোরামের সাধারণ অংশীদার ছিল মস্কো সরকার এবং কৌশলগত অংশীদার ছিল পিএসবি ব্যাংক।

‘Communicate. Connect. Create.’ স্লোগানে আয়োজিত এ ফোরামের লক্ষ্য ছিল সরকার, আন্তর্জাতিক সংস্থা, তথ্যপ্রযুক্তি ব্যবসা, প্রযুক্তি বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের একত্র করে ডিজিটাল ভবিষ্যৎ নিয়ে আলোচনা এবং পারস্পরিক আস্থা, সম্মান ও সমান সুযোগের ভিত্তিতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা।

আয়োজকদের তথ্য অনুযায়ী, তিন দিনের ফোরামে ৬০টিরও বেশি অধিবেশনে ১১১টি দেশের ৭৩০ জন বিশেষজ্ঞসহ ১ হাজার ৩০০ জনের বেশি অতিথি অংশ নেন। এসব অধিবেশনে গোলটেবিল আলোচনা, বক্তৃতা, কর্মশালা ও বিভিন্ন উপস্থাপনা অনুষ্ঠিত হয়। রাশিয়া ও অন্যান্য দেশের ৭০ জনের বেশি উচ্চপদস্থ কর্মকর্তা, উপপ্রধানমন্ত্রী, ডিজিটাল উন্নয়নমন্ত্রী এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার প্রতিনিধিরা বক্তব্য দেন।

ফোরাম চলাকালে ১৫০টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এবং দুই শতাধিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক নীতিমালা, ডিজিটাল সার্বভৌমত্ব, শিশুদের অনলাইন নিরাপত্তা, এআইয়ের নৈতিক ব্যবহার, স্মার্ট সিটি, সাইবার নিরাপত্তা, ডিজিটাল শিক্ষা ও গণমাধ্যমের ভবিষ্যৎ ছিল আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়।

এ আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিদলে তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা, শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা পেশাজীবীরা অংশ নেন। প্রতিনিধিদলের সদস্যরা হলেন মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না, অঞ্জন চন্দ্র দাস, মোহাম্মদ সাবের শাহ, মো. শাহরিয়ার আজাদ ইভান, জান্নাতুল ফেরদৌস লুফিন, জান্নাতুল মাওয়া মিম, রাসেদুল হক, খান মোহাম্মদ নাকিব, রাহাত উদ্দিন, মো. আব্দুর রশীদ সোহাগ, মামুন শেখ, মো. এনামুল হক, গোলাম কিবরিয়া, মো. আবু বকর সিদ্দিক, মো. সাদ্দাম হোসেন রনি, এসএম সজিবুল ইসলাম, মোহাম্মদ ফয়সাল আকবর, মাজাদুর রহমান রবিন ও আমজাদ হোসেন সামিম। আয়োজকদের পক্ষ থেকে প্রতিনিধিদলের সদস্যদের বিমান টিকিট, আবাসন ও ভিসা ব্যয়ের সহায়তা দেওয়া হয়।

ফোরামের বিভিন্ন অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিরা আলোচক হিসেবেও অংশ নেন। ৮ অক্টোবর ‘The Value of a Name: Domain as a Digital Asset’ শীর্ষক প্যানেল আলোচনায় ডায়ানাহোস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খান মোহাম্মদ নাকিব বক্তব্য দেন। একই দিনে ‘Humans Need Humans: Trust in Media in the Age of AI’ শীর্ষক প্যানেল আলোচনায় ‘টক হোপ ইন্টিগ্রেটেড মডেল (টিএইচআইএম)’-এর স্বতন্ত্র গবেষক ও ডেভেলপার মো. সাদ্দাম হোসেন রনি আলোচক হিসেবে অংশ নেন।

বাংলাদেশ থেকে ফোরামে আরও উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি; মস্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ মুখলেসুর রহমান।

ফোরামে বাংলাদেশের অংশগ্রহণকে আন্তর্জাতিক প্রযুক্তি অঙ্গনে দেশের তরুণ উদ্যোক্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময় এবং নিজেদের সক্ষমতা তুলে ধরার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রুশ সংস্থাগুলোর সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে প্রযুক্তি, শিক্ষা ও গবেষণায় দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হয়েছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের আন্তর্জাতিক উদ্যোগে বাংলাদেশের অংশগ্রহণ বাড়লে তরুণদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অবস্থান আরও সুদৃঢ় হবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম