চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী মুন্সীপুর গ্রাম থেকে ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকার ৬টি অবৈধ স্বর্ণেরবারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। শনিবার (১৭ অক্টোবর) বেলা পৌনে ২টার দিকে বিজিবি এ অভিযান চালায়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,ব্যাটালিয়নের মুন্সীপুর বিওপির হাবিলদার আল আমিনের নেতৃত্বে পরিচালিত একটি টহলদল সীমান্তের মেইন পিলার ৯৩ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সীপুর এলাকার কবরস্থানের পাশ থেকে সীমান্ত অতিক্রম করে ভারতে স্বর্ণ পাচারের আগেই অবৈধ ৬টি স্বর্ণের বারসহ দবির উদ্দিনকে (৫৫) আটক করে। আটক দবির উদ্দিন (৫৫) মুন্সীপুর গ্রামের দলিলের ছেলে।
উদ্ধার করা স্বর্ণের ওজন ৭০০ গ্রাম, যার আনুমানিক তালিকা মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা।
আটক দবির উদ্দিনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল মামলা দিয়ে তাকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ছাড়া জব্দকরা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেয়া হবে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল নাজমুল হাসান আরো জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতে এ ধরনের বিশেষ অভিযান ও কঠোর নজরদারী অব্যাহত থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
