নতুন সাইবার সুরক্ষা আইনে দায়ের করা বহুল আলোচিত সাইবার বুলিং মামলা থেকে খালাস পেয়েছেন মোংলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও সাংবাদিক মাসুদ রানা (রেজা মাসুদ)। একই সাথে বিজ্ঞ আদালত তাঁর জব্দকৃত মোবাইল ফোনটি হস্তান্তরের নির্দেশ দিয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে বাগেরহাটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (১) আদালতের বিজ্ঞ বিচারক আনিস মুন্সী উভয় পক্ষের উপস্থিতিতে এ মামলাটি নিষ্পত্তির (খালাস) আদেশ প্রদান করেন।
মাসুদ রানা (রেজা মাসুদ) বেসরকারি টেলিভিশন 'সময় টিভি'র সাবেক চিত্রগ্রাহক এবং বর্তমানে 'দৈনিক স্বদেশ প্রতিদিন' ও 'দৈনিক যশোর' পত্রিকার মোংলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
মামলা সূত্র ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ এনে মোংলার ময়লাপোতা এলাকার এক নারীর পক্ষে তাঁর ভাই সাংবাদিক রেজা মাসুদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে এ মামলাটি দায়ের করেন। ওই মামলায় পুলিশ তাঁকে গ্রেফতার করে আদালতে পাঠায়। গ্রেফতারের দু’দিন পর তিনি জামিনে মুক্তি পান।
তবে শুরু থেকেই স্থানীয় সচেতন মহল ও সহকর্মীরা এ মামলাটিকে ‘ষড়যন্ত্রমূলক ও সাজানো’ বলে দাবি করে আসছিলেন।
রেজা মাসুদের দাবি, তিনি মোংলার স্থানীয় এলাকায় ইয়াবা ও মাদক কারবারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। পুলিশ সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সামাজিকভাবে সচেতনতা সৃষ্টিতে তথ্য-প্রমাণসহ মাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করেন। আর সেই আক্রোশেই একটি কুচক্রী মহল বাদীকে দিয়ে তাঁর বিরুদ্ধে এই মিথ্যে মামলাটি দায়ের করিয়েছিল।
আদালতের রায়ের পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিক রেজা মাসুদ বলেন, “দেশের আইন ও বিচার ব্যবস্থার প্রতি আমার সবসময় পূর্ণ আস্থা ছিল, সত্যের জয় আজ আবারও প্রমাণিত হলো। মামলার বিষয়টি নিষ্পত্তি করে বিজ্ঞ আদালত আমার ব্যবহৃত মোবাইল ফোনটি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
