সিলেটের জৈন্তাপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন মাস বয়সী এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের বিরাইমারা ব্রিজের পূর্ব পাশে এবং ফেরিঘাট সংলগ্ন লক্ষীপ্রসাদপূর্ব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে জৈন্তাপুর উপজেলার ২নম্বর জৈন্তাপুর ইউনিয়নের বিরাইমারা এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে জাফলং থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সিলেট থেকে ছেড়ে যাওয়া আরেকটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চারজন আহত হন। তাঁদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে তিন মাস বয়সী শিশু আয়াতকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আয়াতের বাবার নাম হাসানুজ্জামান। তাঁর বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলায়।
অন্যদিকে, একই দিন দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটে জৈন্তাপুরস্থ সিলেট তামাবিল মহাসড়কের ফেরিঘাট সংলগ্ন লক্ষীপ্রসাদপূর্ব এলাকায় জাফলংগামী একটি বাসের সঙ্গে সিলেটগামী পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব ১২-১৮৪৯ এবং ট্রাকটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ট ২২-৭৫০১।
এ দুর্ঘটনায় বাসের চালকসহ তিনজন আহত হন। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে বাসচালক হাসান প্রামানিক (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বাড়ি রাজবাড়ী জেলায়। তাঁর বাবার নাম জানা যায়নি।
দুটি দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুইটি দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তামাবিল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক দুর্ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। পৃথক দুর্ঘটনা দুটির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
