ঢাকা, ২২ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বরেন্য সুরকার আলম খানের জন্মদিন আজ

বিনোদন | জিয়াউল হক শোভন। অনলাইন ডেস্ক।

(২ ঘন্টা আগে) ২২ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ১১:১৩ পূর্বাহ্ন

banglahour

বাংলাদেশের প্রখ্যাত সংগীত ব্যক্তিত্ব আলম খান। তিনি ছিলেন একাধারে গীতিকার, সুরকার এবং সংগীত পরিচালক। চলচ্চিত্রের গানে অবদানের জন্য তিনি ছয় বার বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

জন্ম ও পারিবারিক জীবনঃ আলম খান ১৯৪৪ সালের ২২ অক্টোবর তৎকালীন ব্রিটিশ ভারতের সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বানিয়াগাতি গ্রামে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার আদি নিবাস টাঙ্গাইল।

১৯৪৭ সালে দেশ বিভাগের পর তিনি বাবার সাথে ঢাকায় ফিরে আসেন। তিনি সিদ্ধেশ্বরী স্কুলে ভর্তি হন। স্কুলে থাকাকালীন তার গানের প্রতি ঝোঁক সৃষ্টি হয়। বাবা আফতাব উদ্দিন প্রথমে অনাগ্রহ দেখালেও মায়ের উৎসাহে আলম খান গানের চর্চা চালিয়ে যান। পরবর্তীতে তার বাবাই তাকে গানের তালিমের জন্য ওস্তাদ ননী চ্যাটার্জীর কাছে নিয়ে যান। বাংলাদেশের প্রখ্যাত পপ সংগীত শিল্পী আজম খান ছিলেন আলম খানের ছোট ভাই।

কর্ম জীবনঃ আলম খান ১৯৬৩ সালে রবিন ঘোষের সহকারী হিসেবে 'তালাশ' চলচ্চিত্রে সংগীত পরিচালনা শুরু করেন। ১৯৭০ সালে চলচ্চিত্রকার আব্দুল জব্বার খান পরিচালিত "কাচ কাটা হীরে" চলচ্চিত্রের মাধ্যমে এককভাবে তিনি সংগীত পরিচালনা শুরু করেন।

তার সুর করা প্রথম জনপ্রিয় গান স্লোগান ছায়াছবির "তবলার তেড়ে কেটে তাক"। ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত সারেং বউ চলচ্চিত্রে আবদুল জব্বারের কণ্ঠে "ওরে নীল দরিয়া" গানটি আলম খানের সুর ও সংগীতে এক অনন্য সৃষ্টি।

১৯৮২ সালে রজনীগণ্ধা চলচ্চিত্রে সাবিনা ইয়াসমিনের গাওয়া "আমি রজনীগণ্ধা ফুলের মত" ও বড় ভালো লোক ছিল চলচ্চিত্রে সৈয়দ শামসুল হকের লেখা এন্ড্রু কিশোরের কণ্ঠে "হায়রে মানুষ রঙ্গীন ফানুস" দর্শকদের মনোযোগ কাড়তে সক্ষম হয়। বড় ভালো লোক ছিল চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

১৯৮৫ সালে তার সুর করা তিন কন্যা চলচ্চিত্রের "তিন কন্যা এক ছবি" গান দিয়ে প্লেব্যাক শুরু করেন কলকাতার নামকরা সংগীতশিল্পী কুমার শানু। নাগ পূর্ণিমা চলচ্চিত্রের এন্ড্রু কিশোরের গাওয়া রক ধাঁচের "তুমি যেখানে আমি সেখানে", ভেজা চোখ চলচ্চিত্রের এন্ড্রু কিশোরের কণ্ঠে "জীবনের গল্প আছে বাকি অল্প" গানগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

শ্রোতাপ্রিয় গানঃ বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক আলম খান তাঁর দীর্ঘ সংগীত ক্যারিয়ারে প্রায় ৩০০টি চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন। তাঁর সুর করা ও সংগীত পরিচালিত গানের সংখ্যা প্রায় দুই হাজারের বেশি।

আলম খানের সুরে ও সংগীতে শ্রোতাপ্রিয় কিছু গান হচ্ছে-  'চাঁদের সাথে আমি দেব না', 'ডাক দিয়াছেন দয়াল আমারে', 'সবার জীবনে প্রেম আসে', 'তেল গেলে ফুরাইয়া', 'ভালোবেসে গেলাম শুধু', 'তোমরা কাউকে বলো না', 'আমি একদিন তোমায় না দেখিলে', 'তোরা দেখ দেখ রে চাহিয়া', 'জীবনের গল্প আছে বাকি অল্প', 'এখানে দুজনে নিরজনে', ও 'কাল তো ছিলাম ভালো' সহ আরও অনেক জনপ্রিয় গানের সুরকার ও সংগীত পরিচালক ছিলেন আলম খান।

পুরস্কার ও সম্মাননাঃ আলম খান সংগীতে অসামান্য অবদানের জন্য ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। আলম খান "বড় ভালো লোক ছিল"(১৯৮২)," তিন কন্যা" (১৯৮৫), "সারেন্ডার" (১৯৮৭), "দিনকাল"(১৯৯২), "এবাদত" (২০০৯), ও "কি যাদু করিলা" (২০১০) চলচ্চিত্রের সংগীত পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

এছাড়াও আলম খান বাচসাস চলচ্চিত্র পুরস্কার এবং চলচ্চিত্র প্রযোজক সমিতি পুরস্কার অর্জন করেন।

বৈবাহিক জীবনঃ আলম খান ১৯৭৬ সালে হাবিবুননেসা গুলবানুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গুলবানু ছিলেন একজন গীতিকার। আলম খানের সুরে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গাওয়া "তুমি তো এখন আমারই কথা ভাবছো" গানটির গীতিকার তার স্ত্রী গুলবানু। তাদের দুই ছেলে আরমান খান ও আদনান খান দুজনেই সংগীত পরিচালক হিসাবে বেশ পরিচিত এবং তার একমাত্র মেয়ে আনিকা খান।

শারীরিক অসুস্থতা ও মৃত্যুঃ আলম খান ২০১১ সালে ফুসফুসে ক্যান্সার রোগে আক্রান্ত হন। সুস্থ্যতার জন্য তিনি বিভিন্ন দেশে চিকিৎসা গ্রহন করেন। অবশেষে ২০২২ সালের ০৮ জুলাই এই গুনি সুরকার ও সসংগীত পরিচালক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বরেন্য সুরকার ও সংগীত পরিচালক আলম খানের জন্মদিনে বাংলা আওয়ার পরিবারের পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম