রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ: পার্ট ওয়ান’ সিনেমাটি মুক্তির প্রায় দুই সপ্তাহ আগেই অগ্রিম টিকিট বিক্রি থেকে ১০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে। নীতেশ তিওয়ারি পরিচালিত এই মহাকাব্যিক সিনেমাটি আগামী ৫ নভেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
ভারতীয় গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, সিনেমাটির হিন্দি সংস্করণ থেকে এককভাবে সর্বোচ্চ ৯ কোটি ১৫ লাখ রুপি আয় হয়েছে। এছাড়া কন্নড় সংস্করণ থেকে ১ কোটি ৩ লাখ রুপি এবং তেলুগু সংস্করণ থেকে ৩১ লাখ ২৫ হাজার রুপি এসেছে।
অগ্রিম বুকিংয়ের বড় অংশই এসেছে থ্রিডি প্রদর্শনীর টিকিট বিক্রি থেকে, যার আর্থিক মূল্য প্রায় ৬.৭২ কোটি রুপি। এছাড়াও আইম্যাক্স থ্রিডি থেকে ২.৫ কোটি রুপি আয় হয়েছে।
ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রথম দিনের জন্য প্রায় ৩ হাজার ৯৪৪টি শো নির্ধারিত হয়েছে। দর্শকের বিপুল চাহিদার কারণে মুম্বাইয়ের মতো প্রধান শহরগুলোতে কিছু শোর রিক্লাইনার আসনের টিকিটের দাম ৩ হাজার ১৭০ রুপি পর্যন্ত ঠেকেছে।
দেশের বাইরে অগ্রিম বুকিংয়েও সিনেমাটি দারুণ সাড়া ফেলেছে, যা ইতিমধ্যে ১১ লাখ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।
দুই খণ্ডে পরিকল্পিত এই সিনেমাটির প্রথম পর্বে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ এবং হনুমানের চরিত্রে সানি দেওল অভিনয় করেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
