বাংলাদেশ বেতার রাঙ্গামাটি কেন্দ্র পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি। বুধবার (২৮ অক্টোবর) তিনি কেন্দ্রটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম ও সম্প্রচার ব্যবস্থার খোঁজখবর নেন। পরিদর্শনের পর তিনি বেতারের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময় সভায় দীপেন দেওয়ান এমপি বলেন, "পাহাড়ি অঞ্চলের পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর কাছে সঠিক তথ্য, শিক্ষা ও সুস্থ বিনোদন পৌঁছে দিতে রাঙ্গামাটি বেতারের ভূমিকা অপরিসীম। ভৌগোলিক অবস্থান বিবেচনায় দুর্গম এলাকায় তথ্য পৌঁছাতে বেতারের প্রাসঙ্গিকতা এখনো অক্ষুন্ন রয়েছে।" তিনি রাঙ্গামাটি বেতারের সম্প্রচার মানোন্নয়ন ও এর ভৌগোলিক পরিধি আরও সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি উল্লেখ করেন যে, বর্তমান সরকারের মেয়াদে বেতারের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নে ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও রাঙ্গামাটি বেতারের সার্বিক অগ্রযাত্রায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
পরিদর্শন ও মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুভাষ চাকমা, বাংলাদেশ বেতার রাঙ্গামাটির আঞ্চলিক প্রকৌশলী মো. আবু সালেহ, আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আমানুর রহমান এবং বার্তা বিভাগের সহকারী বার্তা নিয়ন্ত্রক মো. লুৎফর রহমানসহ বেতার কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
