ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সাজেকে টানা ৮ম দিনের সড়ক অবরোধ: বিচ্ছিন্ন যোগাযোগ, বাড়ছে নিত্যপণ্যের সংকট

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ সপ্তাহ আগে) ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৬:২৬ অপরাহ্ন

banglahour


সন্তু লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যদের এলাকা থেকে অপসারণ এবং সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধসহ পাঁচ দফা দাবিতে সাজেকে টানা অষ্টম দিনে গড়াল অনির্দিষ্টকালের সড়ক অবরোধ।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কার্বারি (গ্রাম প্রধান) অ্যাসোসিয়েশনের যৌথ ডাকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ও এই কর্মসূচি পালিত হচ্ছে। টানা এই অবরোধের ফলে সাজেকের সঙ্গে রাঙ্গামাটিসহ সারা দেশের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা। দেখা দিয়েছে তীব্র নিত্যপণ্যের সংকট।


খোঁজ নিয়ে জানা গেছে, অবরোধ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকেই সাজেক সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন আন্দোলনকারীরা। বিশেষ করে বাঘাইহাটের ১০ নম্বর এলাকা এবং মাচালং ১৪ কিলো এলাকায় সড়ক অবরোধ করতে দেখা যায়। তবে দীর্ঘস্থায়ী এই অবরোধ চলাকালে সড়কে কোথাও কোনো পিকেটিং কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে দীর্ঘ ৮ দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সাজেক এলাকার স্থানীয় অধিবাসীরা দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র ও খাবার সংকটে পড়েছেন। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারছেন না।
অন্যদিকে সাজেকের সংকট নিরসনে সরকারের উচ্চপর্যায় ও প্রশাসনের মধ্যস্থতায় সংলাপ শুরু হলেও তা এখন থমকে আছে। গত সোমবার (২৬ অক্টোবর) সাজেকের উজোবাজারে আন্দোলনকারীদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান এবং রাঙ্গামাটি ও খাগড়াছড়ির দুই জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় আন্দোলনকারীদের উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে চারটিতে প্রশাসন সম্মত হলেও অবশিষ্ট একটি দাবি নিয়ে মতৈক্য না হওয়ায় বৈঠকটি অমীমাংসিতভাবেই শেষ হয়।


বৈঠকটি ভেস্তে যাওয়ার পর আন্দোলনকারীদের সঙ্গে পুনরায় আলোচনার জন্য প্রশাসনের পক্ষ থেকে নতুন কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। ফলে পুরো সাজেক এলাকার পরিস্থিতি এক গভীর অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে।
অন্যদিকে, পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা প্রশাসন কর্তৃক গঠিত তিন সদস্যের একটি কমিটি গত সোমবার বাঘাইছড়ি উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে স্থানীয় হেডম্যান ও কার্বারিদের নিয়ে মতবিনিময় সভা করেছে। তবে সেই সভায় আন্দোলনকারী কার্বারি সংগঠনের কোনো প্রতিনিধি অংশ নেননি। বর্তমানে এই কমিটির সামাজিক ও প্রশাসনিক আলোচনা কার্যক্রমও স্থগিত রয়েছে।


কমিটির সদস্য ও সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা জানান, “জেলা প্রশাসনের অর্পিত দায়িত্ব অনুযায়ী আমরা স্থানীয় হেডম্যান-কার্বারিদের সঙ্গে আলোচনা করেছি এবং তার বিস্তারিত প্রতিবেদন জেলা প্রশাসনের কাছে জমা দিয়েছি। তবে প্রশাসন থেকে জানানো হয়েছে, পরবর্তীতে প্রয়োজন মনে করলে এই কমিটিকে আবার সক্রিয় করা হবে।”
সার্বিক পরিস্থিতি বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, “অবরোধের কারণে সাজেক সড়কে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। তবে সড়কে পিকেটারদের তৎপরতা দেখা যায়নি এবং কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”


বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, অবরোধকারীদের সঙ্গে নতুন করে আলোচনায় বসার বিষয়ে ওপর মহল থেকে এখনো পর্যন্ত কোনো নতুন নির্দেশনা আসেনি। তবে সড়কে অবরোধ চললেও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম