ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, পিছিয়ে ২৬ মাদ্রাসা

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ সপ্তাহ আগে) ৩১ অক্টোবর ২০২৬, শনিবার, ১০:৪৩ অপরাহ্ন

banglahour

চাঁপাইনবাবগঞ্জে আলিম পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র দেখা গেছে। জেলার ২৭টি মাদ্রাসার মধ্যে মাত্র একটি প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। বাকি ২৬টি মাদ্রাসার কোনো শিক্ষার্থীই সর্বোচ্চ এই ফল অর্জন করতে পারেননি।

শনিবার (৩১ অক্টোবর) সকালে মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

জেলার একমাত্র জিপিএ-৫ পাওয়া প্রতিষ্ঠানটি হলো চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শংকরবাটি হেফজুল উলুম ফায়েজা খানম কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটির বিজ্ঞান বিভাগ থেকে পাঁচজন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে দুজন জিপিএ-৫ পেয়েছেন। এছাড়া সাধারণ বিভাগ থেকে পাস করেছেন আরও ১৭ জন। সব মিলিয়ে প্রতিষ্ঠানটির ২২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক বলেন, পুরো জেলায় আলিম পরীক্ষায় মাত্র দুজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, আর দুজনই তাঁর প্রতিষ্ঠানের। এতে তিনি আনন্দিত। তবে প্রত্যাশা অনুযায়ী সামগ্রিক ফলাফল না হওয়ায় কিছুটা হতাশা রয়েছে। আগামীতে আরও ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে, জেলার বেশ কয়েকটি মাদ্রাসার ফলাফলে নিম্নমুখী চিত্র দেখা গেছে। প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসা থেকে ৪২ জন, কানসাট সাইফুদ্দীন মেমোরিয়াল ফাজিল মাদ্রাসা থেকে ৩৬ জন এবং শিবগঞ্জ কামিল মাদ্রাসা থেকে ৪১ জন পরীক্ষার্থী পাস করেছেন। প্রতিষ্ঠানগুলোর পাসের হার যথাক্রমে ৭৩ দশমিক ৬৮, ৭২ ও ৫৭ দশমিক ৭৫ শতাংশ।

সবচেয়ে খারাপ ফলাফল করেছে সদর উপজেলার ঝলঝলিয়া ইসলামী সমাজকল্যাণ আলিম মাদ্রাসা। প্রতিষ্ঠানটিতে ১০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র একজন। পাসের হার ১০ শতাংশ। এছাড়া বরধাই চন্দপুর বাইলকাপাড়া আলিম মাদ্রাসায় ১৬ শতাংশ, তেলকুপি কলমদার আলিম মাদ্রাসায় ১৬ দশমিক ৬৭ শতাংশ, গোয়ালবাড়ি দারুল উলুম ফাজিল মাদ্রাসায় ১৭ দশমিক ২৪ শতাংশ এবং খালে আলমপুর দারুস সুন্নাত আলিম মাদ্রাসায় ১৯ দশমিক ২৩ শতাংশ পাসের হার।

ফলাফল নিয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা বলেন, এবার সারা দেশেই শিক্ষার্থীরা আশানুরূপ ফল করতে পারেননি। চাঁপাইনবাবগঞ্জও এর ব্যতিক্রম নয়। গত কয়েক বছরের ফলাফল পর্যালোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করা হবে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের চেষ্টা করা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম