‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালী উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।
আজ রবিবার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং যুব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ এবং যুব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও মেলার উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধন শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতাহার আলী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম রেজাউল করিম।
সভায় বিশেষ অতিথি হিসেবে কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুশরা বিনতে জাফর ও উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান খান, বিএনপি নেতা টিটো মোল্লাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের মাদক, অপরাধ ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মমুখী উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে সরকারি সুযোগ-সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে যুবকদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
