কাস্টমস কর্মকর্তা ও বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে বিরোধের জেরে তিন দিন বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। সোমবার (৯ নভেম্বর) আজ সকাল থেকেই উভয় পক্ষের বৈঠকে সমঝোতা হওয়ার পর ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ শুরু করে। ৩ দিন বন্ধ থাকায় আজ থেকে চালু হলো
সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মবিবুর রহমান জানান, কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে কর্মচারীদের কার্ড আটকে রাখা, ফাইল জমা দেওয়ার পর নানা জটিলতা সৃষ্টি এবং নতুন নতুন নিয়মের নামে হয়রানির অভিযোগ ছিল। বিশেষ করে কাস্টমস সুপার মিজানুর রহমানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অশোভন আচরণ ও পণ্য খালাসে অযৌক্তিক বাধা দেওয়ার অভিযোগ তোলেন ব্যবসায়ীরা।
এসব অভিযোগের প্রতিবাদে এবং হয়রানি বন্ধের দাবিতে থেকে কর্মবিরতি পালন করেন সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মচারীরা। এতে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়। নতুন করে ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে না পারায় বন্দরের ভেতরে আটকা পড়ে প্রায় সাড়ে ৪০০ ট্রাক। এর মধ্যে প্রায় ৪০০টি ছিল পাথরবোঝাই ট্রাক। অন্য ট্রাকগুলোতে ছিল নারিকেল, ভুসি, শুঁটকিসহ বিভিন্ন পণ্য।
সোনামসজিদ কাস্টমস শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মাসুদ রানা বলেন, ব্যবসায়ীদের সঙ্গে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে উভয় পক্ষের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে।
সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ইতি জানান, কাস্টমস কর্মকর্তার কার্যালয়ে কমিশনারের প্রতিনিধির উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়। এতে ভুল বোঝাবুঝির অবসান ঘটলে বন্দরের অচলাবস্থা কাটে। দুই দেশের বন্দরে আটকে থাকা পণ্যবাহী ট্রাকগুলোও নিয়ম মেনে ছাড় ও প্রবেশের কার্যক্রম শুরু করেছে।
দীর্ঘ তিন দিনের অচলাবস্থা কাটিয়ে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী, শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
