দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। কলকাতার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক অর্জুন দত্তের নতুন রহস্য-রোমাঞ্চধর্মী 'আরএসভিপি মার্ডার' সিনেমায় দেখা যাবে তাদের।
সাইকোলজিক্যাল মার্ডার মিস্ট্রি বা মনস্তাত্ত্বিক থ্রিলারধর্মী এই সিনেমায় রহস্যের পাশাপাশি রয়েছে ডার্ক হিউমার।
পাহাড়ের মনোরম পরিবেশে আয়োজিত একটি আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে গল্পটি শুরু হয়। সেই উৎসবের মাঝে হঠাৎ একটি অস্বস্তিকর বার্তা আসে এবং একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হতে থাকে।
বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা মুখোশ, দাম্পত্য জীবনের টানাপোড়েন, বিশ্বাসভঙ্গ, ঈর্ষা ও প্রতিশোধের জটিল সমীকরণ নিয়ে গল্পটি এগিয়ে যাবে।
সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্রে দেখা যাবে জয়া আহসান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। জয়া জানিয়েছেন, অর্জুন দত্ত তাঁর পছন্দের পরিচালক এবং চরিত্রটির চ্যালেঞ্জ নিতে তিনি রোমাঞ্চিত। অন্যদিকে শ্রাবন্তী জানিয়েছেন, দর্শক এই ছবিতে তাঁকে একেবারে নতুন রূপে দেখতে পাবেন।
সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, অভীপ্সা চট্টোপাধ্যায়, লোকনাথ দে, গৌরব রায়চৌধুরী, খেয়া চট্টোপাধ্যায়, অঙ্কিতা মাঝি এবং মনোজ ওঝা।
পরিচালক অর্জুন দত্ত ও আশীর্বাদ মৈত্র যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন। শ্রী অভিজ্ঞান ড্রিমওয়ার্কসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন অভিজিৎ চট্টোপাধ্যায় এবং সংগীত পরিচালনায় আছেন মৈনাক মজুমদার ও অভিজিৎ চট্টোপাধ্যায়।
সবকিছু ঠিক থাকলে চলতি মাসের (নভেম্বর) শেষের দিকে ভারতের উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় সিনেমাটির শুটিং শুরু হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
