ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান
ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, শিক্ষকগণ হলেন জাতি গঠনের মহান কারিগর। ভবিষ্যত প্রজন্মকে ইতিহাসের সত্য জানার বিষয়ে শিক্ষকগণকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। বাঙ্গালি জাতির স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর অপরিসীম সংগ্রাম আর আত্মত্যাগের কথা জানতে বঙ্গবন্ধুর লিখিত "কারাগারের রোজনামচা" বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২৯ অক্টোবর শনিবার সকালে ইসলামপুর মোঃ ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামপুর উপজেলা শাখা আয়োজিত ইসলামপুর উপজেলার সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লিখিত "কারাগারের রোজনামচা" বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ফরিদুল হক খান বলেন, বঙ্গবন্ধু তাঁর কারা-জীবনে সীমাহীন শারীরিক, মানসিক নির্যাতন ও কষ্টের শিকার হয়েছেন। তিনি অপমান, অবহেলাও কম সহ্য করেননি। এর মাঝেও তিনি দেশের জনগণের মুক্তি আর স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখে গেছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর অবর্তমানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলার গড়ার স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন। দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, তেরো বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, প্রযুক্তি সহ প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ আজ অভাবনীয় উন্নয়ন সাধন করেছে।
সামাজিক সুরক্ষায় সরকার বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা, মাতৃত্বকালীন, পুষ্টি, শিক্ষা সহায়তা, প্রতিবন্ধী ভাতাসহ নানাবিধ ভাতা প্রচলন করে সমাজের প্রতিটি শ্রেনি পেশার মানুষকে সামাজিক সুরক্ষা প্রদান করে যাচ্ছে যা ইতোপূর্বে কোনো সরকার করেনি।
তিনি আরও বলেন, করোনা মহামারী উত্তর এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় আমাদেরকেও কঠিন অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এ সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
সরকারি ইসলামপুর কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এম রফিকুল ইসলাম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সাবেক চেয়ারম্যান ডা. মো. রুহুল আমিন ফোরকান, পিএইচডি, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ, ঢাকা এর চারুকলা অনুষদের চেয়ারপার্সন শাহজাহান আহমেদ বিকাশ। স্বাগত বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জামালপুর ল' কলেজের অধ্যক্ষ এড. মোঃ আব্দুস ছালাম।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস এম জামাল আব্দুন নাছের বাবুল, ইসলামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান রুমান, ইসলামপুর পৌরসভার মেয়র আবদুল কাদের শেখ, ইসলামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, ইসলাম পুর এমএ ছামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ জামাল আব্দুন নাছের চার্লেস চৌধুরী, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান প্রমূখ।
বই বিতরণ অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী ইসলামপুর উপজেলার ১০৭টি কলেজ, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা ও ২৪৪টি প্রাথমিক বিদ্যালয় প্রধানের হাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর লিখিত "কারাগারের রোজনামচা" বইটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
