আগামীকাল জাতীয় যুব দিবস
আগামীকাল ১ নভেম্বর ২০২২ মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জাতীয় যুব দিবস ২০২২ উদযাপিত হবে। এবারের জাতীয় যুব দিবস ২০২২ এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।
জাতীয় যুব দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে আজ সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন ।
সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া সচিব বলেন,জাতীয় যুব দিবস ২০২২ উদযাপনের প্রাক্কালে আমি দেশের যুব সমাজকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিবছরের ন্যায় এ বছরও আমরা নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস উদযাপন করছি। এ বছর আত্মকর্মসংস্থানে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি স্বরূপ ১৫ জন আত্মকর্মী এবং স্বেচ্ছাসেবায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের জন্য ০৬ জন যুব সংগঠক অর্থাৎ মোট ২১ জন সফল যুবকে জাতীয় যুব পুরস্কার ২০২২ প্রদান করা হবে।
তিনি আরও বলেন,দিবসটি উপলক্ষ্যে কেন্দ্রীয়ভাবে এবং মাঠ পর্যায়ে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে-যুব র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান,যুব পুরষ্কার বিতরণ,যুবদের উৎপাদিত পণ্যের ডিসপ্লে , যুব ঋণ বিতরণ,প্রশিক্ষণ সনদ বিতরণ,রক্তদান কর্মসূচির আয়োজন,ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন ইত্যাদি।
যুব ও ক্রীড়া সচিব এ সময়ে যুব উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের শুরু থেকে জুন ২০২২ পর্যন্ত ৬৭ লক্ষ ৬৫ হাজার ৪৯ জন যুবকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষিত যুবদের মধ্যে ২৩ লক্ষ ৩২ হাজার ৪৪১ জন যুব আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছ। চলতি অর্থ বছরে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ৬৯ হাজার ০৯ জন। এছাড়া ন্যাশনাল সার্ভিস কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে প্রায় ২ লাখ ৩২ হাজার ৯৯৬ জন শিক্ষিত বেকার যুবক ও যুব নারীকে ২ বছরের জন্য অস্থায়ী কর্মসংস্থানে নিযুক্ত করা হয়েছে। কোভিড পরিস্থিতির কারণে আমরা অনলাইন প্লাট ফমে প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নিয়েছি।
তিনি বলেন,শুরু থেকে এ পর্যন্ত প্রায় ১০ লক্ষ যুবদের মধ্যে প্রায় ২২৬৩ কোটি টাকার যুব ঋণ বিতরণ করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ১০ জানুয়ারি ২০২১ হতে সাড়ে তিন লক্ষ টাকা হারে উদ্যোক্তা ঋণ প্রদান করা হচ্ছে। এছাড়াও কর্মসংস্থান ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের সাথে ঋণ প্রদান বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। যুব কল্যাণ তহবিলের মাধ্যমে যুব সংগঠনগুলোকে নিয়মিত আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে । সংবাদ সম্মেলনে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) জনাব মোঃ আজহারুল ইসলাম খান ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া তিনি জানান,করোনা মহামারীসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ভূমিকা দেশে-বিদেশে বহুলভাবে প্রশংসিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যমী ও মানবিক গুণাবলীকে যুবদের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে প্রথমবারের মতো শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড চালূ করা হয়েছে।
সবশেষে সচিব জাতীয় যুব দিবস ২০২২ এর সকল আয়োজনে দেশের যুবসমাজসহ দেশবাসীকে অংশগ্রহণের উদাত্ত আহবান জানান। সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
