ঢাকা: আন্তর্জাতিক ডায়াবিটিস ফেডারেশন (আই ডি এফ) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথম “গ্লোবাল এম্বাসেডর ফর ডায়াবিটিস” হিসেবে ঘোষনা করেছে।
সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত বিশ্ব ডায়াবিটিস সম্মেলন-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান, আন্তর্জাতিক ডায়াবিটিস ফেডারেশনের সদ্য নির্বাচিত সভাপতি অধ্যাপক আকতার হোসেন -এর নিকট হতে সম্মাননা পত্রটি গ্রহন করেন।
অনুষ্ঠানে আইডিএফ-এর বিদায়ী প্রেসিডেন্ট অধ্যাপক অ্যান্ড্রু বোল্টন; আইডিএফ-এর অন্যান্য প্রতিনিধি এবং সম্মেলনে অংশগ্রহণকারী্ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত ডাক্তার, স্বাস্থ্য পেশাদার ও স্বাস্থ্য কর্মীগণ, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, পর্তুগালে প্রবাসী বাংলাদেশী নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ডায়াবিটিস নিয়ে জীবনযাপনকারীদের জীবনমান উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ কোন ব্যক্তিকে “গ্লোবাল এম্বাসেডর ফর ডায়াবিটিস” এর সম্মানসুচক উপাধি প্রদান করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী দুই বছর “গ্লোবাল এম্বাসেডর ফর ডায়াবিটিস” হিসাবে বিশ্বব্যাপী ডায়াবিটিস নিয়ে জীবনযাপনকারী মানুষের মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে প্রদর্শিত এক ভিডিও বার্তায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক ডায়াবিটিস ফেডারেশনকে এ সম্মাননার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং সশরীরে উপস্থিত হতে না পারায় দুঃখ প্রকাশ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
