ঢাকা: জাতির প্রতি, দেশের প্রতি দায়িত্বশীল সরকার ক্ষমতায় থাকলে সে দেশের উন্নতি হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারা ভাঙ্গা বাক্স নিয়ে ক্ষমতায় এসে অর্থপাচারের মামলায় অভিযুক্ত হয়, তাদের দিয়ে দেশের উন্নয়ন হবে কি না, সে সিদ্ধান্ত জনগনকেই নিতে হবে।
আজ বুধবার (২১ ডিসেম্বর) সকালে সারা দেশের ৫০ জেলায় শত-সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধামন্ত্রী বলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ আর করোনা মহামারির সম্মিলিত অর্থনৈতিক মন্দা। পুরো বিশ্ব যখন ধুকছে, তখন সীমিত সম্পদে সব সামাল দিয়েও উন্নয়নের ধারা ধরে রেখেছে বাংলাদেশ। এক সঙ্গে শত-সেতু উদ্বোধনের বিশ্ব রেকর্ডের পর, এবার বিজয়ে উপহার শত-সড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিভিন্ন বিভাগ ও জেলা সদরের সঙ্গে ভার্চুয়ালি এই উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের সাফল্যগুলো তুলে ধরেন দলটির সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মানুষ জন্য দেশের জন্য দায়ীত্বশীল হলে, দেশের উন্নয়ন থেমে থাকে না।
সড়ক নিরাপত্তার উপর জোর দিয়ে সরকার প্রধান বলেন, দুর্ঘটনা রোধে চালক হেলপারদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। তবে সবচেয়ে জরুরী সাধারণ মানুষের সচেতনতা। দুর্ঘটনা হলেই আইন হাতে তুলে না নিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলার উপকারভোগী সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রায় দুই হাজার ২২ কিলোমিটারের এই সড়ক-মহাসড়কের নির্মাণ ব্যয় প্রায় ১৪ হাজার ৯১৫ কোটি টাকা। সরকারি অর্থায়নের সঙ্গে ছিলো উন্নয়ন সহযোগীদের বিনিয়োগ। তবে প্রকৌশল আর অভিজ্ঞতাটা শুধুই বাংলাদেশের।
উল্লেখ্য, দেশের ২৫ জেলায় নির্মিত একশ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭ নভেম্বর সোমবার সড়ক ও জনপথ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধামন্ত্রী শেখ হাসিনা এক সঙ্গে শত সেতু উদ্বোধন করেন ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
