ঢাকা: বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস কর্মীদের নিরাপত্তা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু দেখতে চায় বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি ওয়েন্ডি শারমেন বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলমের সঙ্গে ফোনালাপে এ কথা জানান।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে জানান, মার্কিন উপ-পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন।
সেই আলোচনায় ওয়েন্ডি বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইসের ভাষ্যমতে, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছিলেন ওয়েন্ডি। সেই সঙ্গে রাশিয়ার অবৈধ আগ্রাসনের মুখে ইউক্রেনের জনগণের প্রতি প্রতিশ্রুতির কথাও তুলে ধরেছিলেন বাইডেন প্রশাসনের প্রভাবশালী ওই কর্মকর্তা।
এদিকে মধ্যরাতে প্রচারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্কের পারস্পরিক অগ্রাধিকারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন উপ-পররাষ্ট্রমন্ত্রী শারম্যান এবং প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ফোনালাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাস্থ কূটনৈতিকদের পূর্ণ নিরাপত্তা তথা সুরক্ষায় বাংলাদেশ পরিপূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর ঢাকার শাহীনবাগে মায়ের ডাক নামে একটি সংগঠনের সদস্যদের সঙ্গে দেখা করতে যান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সে সময় মায়ের কান্না নামে আরেকটি সংগঠন তার সঙ্গে দেখা করতে চান। রাষ্ট্রদূত দ্রুত ওই এলাকা ছেড়ে যান। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
