বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, আগামীতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশুনানির মাধ্যমে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করবে। রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত জ্বালানি বিষয়ক সেমিনারে তিনি এ তথ্য জানান।
ফাওজুল কবির বলেন, “জ্বালানি নিয়ে বিগত সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।” তিনি উল্লেখ করেন, গ্যাস অনুসন্ধানে বিগত সরকারের তেমন আগ্রহ ছিল না, বরং জরুরি কারণ ও বাড়তি চাহিদার কথা উল্লেখ করে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে।
জ্বালানি উপদেষ্টা আরও জানান, নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে চাইলে সরকারের পক্ষ থেকে আপত্তি নেই। তবে, সরকারকে বিদ্যুৎ বিক্রি করতে চাইলে অবশ্যই দরপত্রের মাধ্যমে আসতে হবে।
তিনি বলেন, “নির্বাচিত সরকারের ক্ষমতা নেই, কিন্তু আমরা অন্তর্বর্তী সরকার হিসেবে দায়িত্ব নিয়েছি। মন্ত্রণালয়ে এখন আর কোনো নির্ধারিত বিডার নেই।”
ফাওজুল কবির বিভিন্ন দাবির ভিত্তিতে আন্দোলন করার সমালোচনা করে বলেন, “ধান কাটার মৌসুমের মতো এখন দাবি-দাওয়ার মৌসুম চলছে। কিন্তু সবার সব দাবি মেনে নেওয়ার সুযোগ নেই। এ সরকারকে দুর্বল ভাবলে ভুল করবে।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
