ঢাকা: সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেট্রোরেলে কোনো হাফ ভাড়া নেই। তবে মেট্রোরেল পাস নিলে ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। অন্যদিকে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকী বলেছেন, সব স্টেশন প্রস্তুত আছে। কিন্তু মানুষের অভ্যস্ততার জন্য সব স্টেশন খোলা হচ্ছে না। আপাতত সব স্টেশনে মেট্রো থামবে না। আগামী বছরের ২৬ মার্চ থেকে সব স্টেশনে ট্রেন থামবে। সর্বোচ্চ তিন ফুট উচু বাচ্চারা অভিবাবকের সঙ্গে থাকলে ভাড়া লাগবে না।
আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে মেট্রো রেল স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন।
আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল অংশের কাজ শেষ করে ২০২৩ সালের ডিসেম্বরে উদ্বোধন করা হবে। আর ২০২৫ সালে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত মেট্রোরেলের পুরো পথ উন্মুক্ত হবে। ২২ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল বানাতে সরকারের খরচ হচ্ছে ৩১ হাজার ৪৭২ কোটি টাকা। এর স্টেশন সংখ্যা ১৭টি। গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার।
আগামীকাল বুধবার উদ্বোধন করা হবে দেশের প্রথম মেট্রো রেল। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন বৃহস্পতিবার থেকে সবার যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
