প্রথমবারের মতো সৌদি সরকারের আমন্ত্রণে রিয়াদে পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশের নগরবাউল জেমস। আজ (শুক্রবার) রিয়াদের আল-সুওয়াইদি পার্কে অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ কালচার’ নামে এক সাংস্কৃতিক আয়োজনে গান পরিবেশন করবেন তিনি।
সৌদি আরবের সামাজিক রক্ষণশীলতা ভেঙে সাংস্কৃতিক বিনিময় ও আধুনিকতার পথে এগিয়ে নিতে সৌদি সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে আয়োজিত হচ্ছে ‘রিয়াদ সিজন’। এই বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে জেমস ও তার নগরবাউল ব্যান্ডকে।
নগরবাউল ব্যান্ডের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর এ প্রসঙ্গে বলেন, ‘সৌদি সরকারের আমন্ত্রণে আমরা প্রথমবার এখানে এসেছি। আজ আমাদের শো রয়েছে। আশা করি, প্রবাসী বাংলাদেশি দর্শকদের জন্য এটি দারুণ একটি অভিজ্ঞতা হবে। সকলকে আমন্ত্রণ জানাই।’
জেমসের সাম্প্রতিক কনসার্টে জমকালো পরিবেশনা
এর আগে গত সপ্তাহে দেশের মাটিতেই একটি জমজমাট কনসার্টে অংশ নেন জেমস। সেখানে তার গিটার নৈপুণ্যতা এবং জনপ্রিয় গানগুলোর পরিবেশনায় মুগ্ধ হয়েছিলেন দর্শকরা।
সৌদি আরবে প্রথমবারের মতো আয়োজিত এই কনসার্টে জেমস তার বিশেষ পরিবেশনা দিয়ে নতুন অধ্যায়ের সূচনা করবেন বলে প্রত্যাশা করছেন তার ভক্তরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
