ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, রাষ্ট্রপতি জনাব মো: আবদুল হামিদ চিরকাল বিজয়ী বীর। তিনি অনুকরণীয় একটি আদর্শ। উত্তরে গারো পাহাড়ের পাদদেশ থেকে ভৈরব পর্যন্ত ২৫০০ বর্গ কিলোমিটারের বিস্তীর্ণ অঞ্চলের হাওরবাসীসহ সারা বাংলাদেশের গর্বের মানুষ তিনি। মানুষকে ভালবাসলে মানুষ ভালবাসা ফিরিয়ে দিতে কখনো ভুল করে না রাষ্ট্রপতি জনাব মো: আবদুল হামিদ তার জীবন্ত দৃষ্টান্ত বলে মন্ত্রী উল্লেখ করেন।
মন্ত্রী রবিবার (১জানুয়ারী) রাতে কাকরাইলস্থ আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে অষ্টগ্রাম ইটনা মিঠামইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতি’র উদ্যোগে আয়োজিত বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর ৮০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠান মঞ্চ থেকে এই উপলক্ষ্যে
ভিডিও কলে জনাব আবদুল হামিদ কে মন্ত্রী তার জন্মদিনের শুভেচ্ছা জানান। তিনি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এর জবাবে রাষ্ট্রপতি অনুষ্ঠানে উপস্থিত দর্শক- শ্রোতাসহ সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং নতুন বছর সকলের সুন্দরভাবে কাটুক এ প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি,বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান, সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, বিশিষ্ট সমাজসেবক মো. আনোয়ার হোসেন, আব্দুল হক সরকারি কলেজের অধ্যক্ষ, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হক, ডিএমপি‘র অতিরিক্ত পুলিশ কমিশনার ও বৃহত্তর ময়মনসিংহ সমিতির মহাসচিব মোহাম্মদ হারুন-অর রশীদ, (পিপিএম বার,বিপিএম বার), অষ্টগ্রাম ইটনা মিঠামইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির সহসভাপতি সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন মীর, অষ্টগ্রাম ইটনা মিঠামইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট বিমল চন্দ্র রায়, অভ্যর্থনা কমিটির আহবায়ক, আবেদা আক্তার জাহান প্রমুখ।
সভাপতিত্ব করেন অষ্টগ্রাম ইটনা মিঠামইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতি’র সভাপতি মো. সোলায়মান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ বিল্লাল হোসেন ও কামরুল হাসান বাবু।
অনুষ্ঠানে বক্তারা জনাব আবদুল হামিদ-এর রাজনৈতিক, পারিবাারিক ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।
পরে জনাব আবদুল হামিদ-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং কেক কেটে জন্ম দিন পালন করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
