ফ্যাসিজমের এনাবলারদের প্রতি অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানো জাতিকে অনন্তকাল ভোগাতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে লেখেন, "ফ্যাসিজমের এনাবলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে।"
তিনি আরও উল্লেখ করেন, "হাসিনার ঘি খাওয়া ফ্যাসিস্ট এনাবলাররাই এখন মানবাধিকারের আলাপ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে 'সিমপ্যাথি গেইন' ক্যাম্পেইন চালাচ্ছে। এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ—আজ আমলা, আগামীকাল অন্য কেউ।"
প্রসঙ্গত:
দুই হাজার ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে স্বৈরাচার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে বলে মনে করছেন অনেকে। পূর্ববর্তী সরকারের বিভিন্ন নীতি ও কাঠামো বহাল থাকায় জনগণের হতাশা বাড়ছে।
অন্তর্বর্তী সরকারের ক্ষমতাগ্রহণের পর থেকে একের পর এক অঘটন ঘটছে। সর্বশেষ বাংলাদেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাও এই উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে।
এমন পরিস্থিতিতে ফ্যাসিস্ট সরকারের দোসরদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ না নেওয়া এবং গণহত্যার বিচার প্রক্রিয়া নিয়ে অসন্তোষ ক্রমেই প্রকাশ্যে আসছে।
হাসনাত আব্দুল্লাহর মন্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দেশের রাজনৈতিক অঙ্গনে এই মন্তব্যের প্রভাব কেমন পড়ে, তা এখন দেখার বিষয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
