রাজধানীর পূর্বাচলে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ-২০২৫) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) মাসব্যাপী এ বাণিজ্য মেলার উদ্বোধন করেন তিনি।
বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথ আয়োজনে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। এবারের মেলায় দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি ৭ দেশের ১১ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলো হলো ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং এবং মালয়েশিয়া।
মেলা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, এবারের মেলায় প্রথমবারের মতো অনলাইনে স্টল বা প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া, ই-টিকেটিং ব্যবস্থাও চালু করা হয়েছে। মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের সুবিধার্থে বিআরটিসির নির্ধারিত বাসসেবা থাকবে, এবং বিশেষ ছাড়ে উবার সেবাও থাকবে।
মেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের সম্মানে তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও ছত্রিশ চত্বর। তরুণসমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধ করতে তৈরি করা হয়েছে ইয়ুথ প্যাভিলিয়ন। এছাড়া, সম্ভাবনাময় খাত বা পণ্যভিত্তিক সেমিনারের আয়োজন করা হয়েছে এবং বিদেশি উদ্যোক্তাদের জন্য সোর্সিং কর্নার, ইলেকট্রনিকস ও ফার্নিচার জোন থাকবে।
মেলায় বয়সভিত্তিক দর্শনার্থীদের সুবিধার্থে প্রযুক্তি কর্নার এবং জ্যেষ্ঠ নাগরিকদের জন্য সিটিং কর্নার তৈরি করা হয়েছে। শিশুদের চিত্তবিনোদনের জন্য থাকছে শিশুপার্ক এবং মা ও শিশুদের জন্য রয়েছে মা ও শিশুকেন্দ্র। দর্শনার্থীদের বিশ্রামের জন্য আরামদায়ক চেয়ার ও বেঞ্চও রাখা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
