ইসরাইল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গাজা থেকে একজন ইসরাইলি নারী সেনাসহ আট বন্দিকে মুক্তি দিয়েছে হামাস। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি নারী সেনাকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়।
হামাসের মুক্তি দেওয়া নারী সেনার নাম আগাম বার্গার। মুক্তির সময় তিনি সামরিক পোশাক পরিহিত ছিলেন এবং হামাস যোদ্ধাদের সঙ্গে হেঁটে মঞ্চে ওঠেন। রেড ক্রসের গাড়িতে ওঠার আগে তিনি উপস্থিত দর্শকদের উদ্দেশে হাত নাড়ান।
বন্দিবিনিময়ের তৃতীয় ধাপ
আজকের বিনিময়ের অংশ হিসেবে মোট আটজন বন্দিকে মুক্তি দেবে হামাস—এর মধ্যে তিনজন ইসরাইলি ও পাঁচজন থাই নাগরিক। বিনিময়ে ইসরাইলি কারাগার থেকে ১১০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে।
এর আগে, গত ২৫ জানুয়ারি (শনিবার) হামাস চারজন ইসরাইলি নারী সেনাকে মুক্তি দেয়, যার বিনিময়ে ইসরাইল ২০০ ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেয়।
অক্টোবরের হামলার পর ব্যাপক বন্দিবিনিময়
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ২৫০ জনের বেশি ইসরাইলি নাগরিক ও সেনাসদস্য অপহৃত হন, যাদের মধ্যে বহু বিদেশি শ্রমিকও ছিলেন। নভেম্বরের প্রথম যুদ্ধবিরতির সময় হামাস ২৩ জন থাই নাগরিককে মুক্তি দেয়।
ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও আটজন থাই নাগরিক হামাসের বন্দি হিসেবে রয়েছে। যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ে তাদের মুক্তির বিষয়ে আলোচনা চলছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
