ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ওমরাহ ভিসা বন্ধ করেনি সৌদি: ধর্ম উপদেষ্টা

ধর্ম | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৮ মার্চ ২০২৫, মঙ্গলবার, ৭:৩৪ অপরাহ্ন

banglahour

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করেনি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এ বিষয়টি ধর্ম সচিবকে নিশ্চিত করেছেন।

রাষ্ট্রদূত বাংলাদেশের এজেন্সিগুলোকে বিমান টিকিট ও হোটেল বুকিংয়ের ডকুমেন্টসহ সৌদি ওমরাহ কোম্পানি বা এজেন্টের মাধ্যমে সেদেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এতথ্য জানান।

ওমরাহ যাত্রীদের টিকিটের অর্থ ফেরত প্রদানের বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, টিকিট সংগ্রহকারী কোনো ওমরাহ যাত্রী ভিসা না পাওয়ার কারণে সৌদি আরব যেতে না পারলে তাকে বিধি মোতাবেক টাকা ফেরত দিচ্ছে বাংলাদেশ বিমান। সাউদিয়াসহ অন্যান্য এয়ারলাইন্সকেও একইভাবে ভিসা জটিলতায় ওমরাহ পালনে অসমর্থ যাত্রীদেরকে টিকিটের টাকা ফেরত দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

ড. খালিদ জানান, সৌদি সরকারের হজ ও উমরাহ মন্ত্রণালয় চার শতাধিক সৌদি ওমরাহ কোম্পানিকে বিভিন্ন দেশের এজেন্সির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ওমরাহ কার্যক্রম পরিচালনার দায়িত্ব দিয়ে রেখেছে। এই কোম্পানিগুলোর অনুকূলে প্রতিবছর ওমরাহ যাত্রীর কোটা নির্ধারিত থাকে। এই নির্ধারিত কোটা শেষ হয়ে গেলে ওই কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট দেশের ভিসা প্রদান কার্যক্রম বন্ধ করা হয়। বাংলাদেশে অনুমোদিত ওমরাহ এজেন্সির পাশাপাশি সৌদি আরবের নুসুক অ্যাপের আইডি ও পাসওয়ার্ডপ্রাপ্ত ব্যক্তি এবং প্রতিষ্ঠান ওমরাহ কার্যক্রম পরিচালনা করতে পারে। 

ড. খালিদ আরও বলেন, এদেশের ওমরাহ যাত্রীদের ভিসা প্রদান করা হচ্ছে না- এ বিষয়টি অবহিত হওয়ার পরপরই ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকাস্থ সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রথমে ভিসা প্রদান কার্যক্রম চালু রাখার বিষয়ে মৌখিকভাবে অনুরোধ জানানো হয়। পরবর্তীতে ভিসা প্রদান কার্যক্রম চালু রাখার বিষয়ে ঢাকাস্থ সৌদি দূতাবাসের রাষ্ট্রদূতকে ডিও পত্র পাঠানো হয়।

উপদেষ্টা বলেন, বিমানের টিকিট সংগ্রহ করেছেন এমন ওমরাহ যাত্রীরা যাতে রমজান মাসেই ওমরাহ পালন করতে যেতে পারে সে লক্ষ্যে জেদ্দায় বাংলাদেশ হজ কাউন্সিলর সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।

দেশবাসীকে আশ্বস্ত করে উপদেষ্টা বলেন, হজ-ওমরাহসহ ধর্ম মন্ত্রণালয়ের সার্বিক বিষয়ে আমরা সর্বদা তৎপর রয়েছি। দেশবাসীর খেদমতে কাজ করে যাচ্ছি। হজ এবং ওমরাহ পালনে এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা যাতে কোনো জটিলতা বা সংকটের সম্মুখীন না হন সে বিষয়ে সচেষ্ট আছি। 

এ সময় ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, অতিরিক্ত সচিব (হজ) মো. মতিউল ইসলাম, হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও সাধারণ সম্পাদক ফরিদ আহমদ মজুমদার, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

ধর্ম থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম