ঢাকা, ৯ মে ২০২৫ — আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির পরিপ্রেক্ষিতে সরকার একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছে, এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং জনগণের দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
শুক্রবার সকালে সরকারের পক্ষ থেকে দেওয়া এই বিবৃতিতে জানানো হয়, “সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।”
সরকার ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে বলেও উল্লেখ করা হয়। “আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে,” বলা হয় বিবৃতিতে।
সরকারের এই ঘোষণার প্রেক্ষিতে আন্দোলনরত দল ও সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, “ধৈর্য ধারণ করুন। সরকার আইনি প্রক্রিয়া মেনে দ্রুত পদক্ষেপ নেবে।”
এছাড়া, এরই মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার কথা জানিয়ে সরকার বলেছে, “জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে।”
বিবৃতিতে আরও জানানো হয়, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আন্তর্জাতিক অপরাধ আদালত আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আবদুল হামিদের দেশত্যাগ প্রসঙ্গে সরকার জানায়, “ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আবদুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, সে বিষয়ে সরকার অবগত। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিবৃতিকে রাজনৈতিক বিশ্লেষকরা একটি বড় মোড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন, যা দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
