ঢাকা, ২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

জাতীয় | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(২০ ঘন্টা আগে) ২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ৫:৪৪ অপরাহ্ন

banglahour

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি’র সঙ্গে মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি। বৈঠকে দু’দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌর ও জলবিদ্যুৎ খাতে যৌথ উদ্যোগের ওপরও গুরুত্ব দেওয়া হয়।


বাণিজ্যমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার  দেশগুলোর সম্মিলিত জিডিপি প্রায় ৫৯ ট্রিলিয়ন মার্কিন ডলার হলেও পারস্পরিক বাণিজ্য মাত্র ১ শতাংশের কাছাকাছি, যা সম্ভাবনার তুলনায় অত্যন্ত কম। এ অবস্থায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য।


খন্দকার মুক্তাদির বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কার্যকর অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে আঞ্চলিক সম্ভাবনাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। তিনি জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন। বাণিজ্য মন্ত্রী বলেন, সীমান্তবর্তী এলাকায় স্বল্প দূরত্বে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন পারস্পরিকভাবে লাভজনক হতে পারে।


অন্যদিকে বাণিজ্য মন্ত্রী নিযুক্ত হওয়ায় খন্দকার আব্দুল মুক্তাদিরকে অভিনন্দন জানান ভুটানের রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে তার দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক বেশ নিবিড়। এ সম্পর্ক আরও জোরদারে আগ্রহী তারা।


দাশো কর্মা হামু দর্জি বলেন, বাংলাদেশের বুড়িমারি সীমান্ত থেকে ভুটানের দূরত্ব একশ’ কিলোমিটারের কাছাকাছি। নিকটবর্তী দেশ হওয়ায় দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ লাভজনক। 
তিনি জানান বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে ভুটানের শিক্ষার্থীরা পড়তে আসেন এবং ফিরে সেদেশের মানুষের সেবায় নিয়োজিত হন। এতে করে দুদেশের সংস্কৃতিরও বিনিময় হচ্ছে। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার এবং ভুটানের মিনিস্টার কাউন্সিলর (ট্রেড) দাওয়া শেরিং উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯