বাংলাদেশে নিযুক্ত বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি মিখাইল কাসকো আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিজ এক্সেলেন্সি শামা ওবায়েদ ইসলাম, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মিখাইল কাসকো নতুন দায়িত্ব গ্রহণ করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে বেলারুশ সরকারের প্রস্তুতির কথা তুলে ধরেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও বেলারুশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে কৃষি, প্রতিরক্ষা, বস্ত্র ও তৈরি পোশাক শিল্প, দক্ষ ও অর্ধদক্ষ জনশক্তি রপ্তানি, তথ্যপ্রযুক্তি, ওষুধশিল্প এবং পাট খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি আরও মজবুত করতে জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া, অগ্রাধিকারপ্রাপ্ত খাতে সহযোগিতা ত্বরান্বিত করতে ফরেন অফিস কনসালটেশনসহ বিভিন্ন দ্বিপাক্ষিক প্রক্রিয়া আরও ঘন ঘন আয়োজনের বিষয়ে একমত হন তারা।
বৈঠক শেষে উভয় পক্ষ উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার জন্য সন্তোষ প্রকাশ করেন এবং আগামী বছরগুলোতে বাংলাদেশ-বেলারুশ সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
