গত বছরের জুলাই-আগস্টে ছাত্র ও জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। গঠিত হয় একটি অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রতি আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল একটি নতুন রাজনৈতিক ও রাষ্ট্রীয় রূপরেখা—‘জুলাই ঘোষণাপত্র’—প্রকাশের। কিন্তু নয় মাস পেরিয়ে গেলেও এখনো সেই ঘোষণাপত্র প্রকাশ করেনি সরকার। এর পেছনে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. তুহিন মালিক।
বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে ড. তুহিন মালিক অভিযোগ করেন, ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র হচ্ছে ফ্যাসিবাদী রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের বন্দোবস্ত। সে কারণেই রাজনৈতিক দল, আমলাতন্ত্র, এবং সুবিধাভোগী সিভিল সোসাইটির কেউ এই পরিবর্তন চায় না।’
তিনি আরও দাবি করেন, শুধুমাত্র অতীতের ফ্যাসিবাদী কাঠামোর সুবিধাভোগীরা নয়, বর্তমান কাঠামোর সুবিধাভোগীরাও এই ঘোষণাপত্রের প্রকাশে বাধা দিচ্ছেন। এমনকি ভবিষ্যতে ক্ষমতায় আসার আশাবাদীরাও এ পরিবর্তন চান না।
ড. তুহিন মালিক তার পোস্টে প্রশ্ন তুলেছেন, ‘৫ আগস্ট সরকার গঠনের পরও কেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারী করা হলো না? ৩১ ডিসেম্বর শহীদ মিনারে ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হলেও কেন ৩০ ডিসেম্বর রাতের সরকার ঘোষণার পরও তা বাস্তবায়ন হলো না? ১৫ জানুয়ারির সময়সীমা দিয়েও কেন কোনো অগ্রগতি হলো না?’
তিনি জানান, সর্বশেষ গত ১০ মে গণদাবির মুখে সরকার আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে এবং আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের প্রতিশ্রুতি দেয়। এরপর থেকেই পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে বলে দাবি করেন তিনি।
ঘোষণাপত্র প্রকাশে মূল প্রতিবন্ধকতা ব্যাখ্যা করতে গিয়ে তুহিন মালিক বলেন, ‘কারণ একটাই—ফ্যাসিবাদী কাঠামোর সুবিধাভোগীরা কখনোই চায় না এই কাঠামো ভেঙে যাক। ঘোষণাপত্রের খসড়ায় ১৯৭২ সালের সংবিধান সংশোধন কিংবা প্রয়োজনে বাতিলের অভিপ্রায় প্রকাশ পেয়েছে, যা বহু মহলের জন্য অস্বস্তির কারণ।’
জুলাই ঘোষণাপত্রের বিষয়ে আগামী ৩০ কার্যদিবসের মধ্যেই সরকার কী পদক্ষেপ নেয়, তা এখন দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
