জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিলসহ টেকসই রাজস্ব সংস্কারের চার দফা দাবিতে লাগাতার অসহযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছেন এনবিআর কর্মকর্তারা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে দাবিগুলোর স্বারকলিপি প্রদান করা হবে।
আজ (বুধবার) থেকে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ দাবিতে কর্মকর্তারা কর্মসূচি শুরু করেছেন। শনিবার থেকে কাস্টমস হাউস ও ল্যান্ড কাস্টমস স্টেশন ব্যতীত দেশের সব ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা এসেছে। দাবি আদায় না হলে আগামী সোমবার (২৬ মে) থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত সকল কার্যক্রমে পূর্ণ কর্মবিরতিতে যাবেন কর্মকর্তারা।
অর্থ উপদেষ্টাসহ উপদেষ্টাদের সঙ্গে মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠক ফলপ্রসূ না হওয়ায় কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেন। এনবিআর চেয়ারম্যানের অপসারণ, অধ্যাদেশ বাতিল, রাজস্ব সংস্কার কমিটির সুপারিশ প্রকাশ এবং সকল অংশীজনের মতামতের ভিত্তিতে নতুন রাজস্ব ব্যবস্থা গঠনের আহ্বান জানানো হয়।
চার দফা দাবি হলো:
১. জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে জারি করা অধ্যাদেশ অনতিবিলম্বে বাতিল করতে হবে।
২. এনবিআর চেয়ারম্যানকে অবিলম্বে অপসারণ করতে হবে।
৩. রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
৪. প্রস্তাবিত খসড়া ও সুপারিশ পর্যালোচনার মাধ্যমে সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামতের ভিত্তিতে টেকসই রাজস্ব সংস্কার নিশ্চিত করতে হবে।
এনবিআর কর্মকর্তারা জানান, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
