৫ জুন ২০২৫, ইসলামিক ডেস্ক —
কুরবানির মৌসুমে মুসলিমদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর একটি হলো পশু জবাই। হাদিসে আছে, রাসুলুল্লাহ (সা.) নিজ হাতে কুরবানি করেছেন। ফলে আলেমরা বলেন, সামর্থ্য থাকলে প্রত্যেক মুসলমানেরই উচিত নিজ হাতে কুরবানি করা। এতে রয়েছে সুন্নাত পালনের পাশাপাশি বড় ফজিলত।
তবে কুরবানি করার কিছু নির্দিষ্ট নিয়ম-কানুন রয়েছে, যেগুলো সঠিকভাবে জানা জরুরি। অনেকেই এই নিয়ম না জানার কারণে নিজের কুরবানি নিজে করতে ভয় পান। অথচ নিয়মগুলো খুবই সহজ এবং ইসলাম সেগুলোর প্রতি অত্যন্ত যত্নবান হতে বলেছেন।
নিচে কুরবানির পশু জবাইয়ের গুরুত্বপূর্ণ নিয়মগুলো তুলে ধরা হলো—
???? ছুরি ভালোভাবে ধার দেওয়া
হাদিসে রয়েছে, “যখন পশু জবাই করবে, উত্তম পদ্ধতিতে করবে এবং প্রত্যেকে তার ছুরিতে শান দিয়ে নেবে, যাতে জবাইকৃত পশুকে কষ্টে না ফেলে।” (সহিহ মুসলিম, হাদিস ১৯৫৫)
???? বিসমিল্লাহ বলে জবাই করা
জবাইয়ের সময় ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলা সুন্নত এবং অপরিহার্য। নাম না নিলে কুরবানি শুদ্ধ হবে না।
???? চারটি গুরুত্বপূর্ণ নালী কাটা
শ্বাসনালী, খাদ্যনালী ও পাশে থাকা দুটি রক্তনালী কাটা জরুরি। এগুলো কাটা হলে পশুর মৃত্যু নিশ্চিত হয় এবং কুরবানি সহিহ হয়।
???? এক পশুর সামনে আরেকটি জবাই নয়
হাদিসে পশুকে কষ্ট না দেওয়ার নির্দেশ আছে। তাই এক পশুর সামনে অন্য পশুকে জবাই করা নিষেধ। একইভাবে ছুরি ধার দেওয়াও পশুর সামনে করা উচিত নয়।
???? পশুকে বাম কাতে শুইয়ে পা পশ্চিম দিকে রাখা
জবাইয়ের সময় পশুকে বাম পাশে শুইয়ে কেবলামুখী করা উত্তম। এতে সুন্নাত পালন হয় এবং পশুর জন্যও সহজ হয়।
কেন নিজ হাতে কুরবানি করা ভালো?
এটা শুধু সুন্নাতই নয়, বরং আল্লাহর কাছে ত্যাগ ও নিবেদন প্রকাশের বাস্তব বহিঃপ্রকাশ। সুযোগ থাকলে প্রতিটি মুসলমানের উচিত কুরবানির দোয়া ও নিয়ম শিখে নিজ হাতে এই ইবাদত আদায় করা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
